 |
ঢাকা: মেক্সিকোর পাশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস মোড় ঘুরতে গিয়ে ব্রিজের উপর থেকে উল্টে খাদে পড়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ২৭ জন যাদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর।
পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে বাসের চালক ও তিনটি শিশু রয়েছে। এতে আরোহী ছিল কমপক্ষে ৫০ জন।
স্থানীয় বেসামরকি কর্তৃপক্ষের মুখপাত্র ওমর লান্দাসুরি জানান, বাসটি মেক্সিকোর রিনকন দে গুয়াইয়াবিতোস শহরের অবকাশ যাপন কেন্দ্রের উদ্দেশে একদল পর্যটককে নিয়ে যাচ্ছিল। দিক পরিবর্তন করতে গিয়ে ব্রিজ থেকে উল্টে একশ’ মিটার নিচে খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলটি রাজধানী মেক্সিকো সিটি থেকে ৭শ’ ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তেপিত এবং গুয়াদালাসারা মহাসড়কের মাঝ পথে।
উল্লেখ্য, চলতি বছরে মেক্সিকোতো সংঘটিত এটি চতুর্থ ভয়াবহ বাস দুর্ঘটনা।
গত এপ্রিলে পশ্চিমাঞ্চলীয় শহর ভেরাক্রুসে খামার শ্রমিকদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষে ৪৩ জনের প্রাণহানি ঘটে।
সরকারি হিসাবে, মেক্সিকোতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ২৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর