 |
ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে দুর্নীতির যেসব অভিযোগ একাধিক গণমাধ্যমে এসেছে, তা খণ্ডিত ও বিকৃতভাবে এসেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার বিকেলে কমিশনের পক্ষে দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়- বিগত কয়েকদিন প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন পর্যায়ে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিষয়ে নানা প্রতিবেদন প্রকাশিত/প্রচারিত হয়েছে। এর কোনো কোনোটিতে দুর্নীতি দমন কমিশনের বরাত দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে খণ্ডিত আকারে সংবাদ প্রকাশের কারণে আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী বক্তব্যও প্রচারিত হয়েছে। এতে জনমনে বিভ্রান্তির সুযোগ সৃষ্টি হয়েছে।
দুদক বিবৃতিতে জানায়, পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত কিছু তথ্য বিশ্ব ব্যাংক দুর্নীতি দমন কমিশনকে প্রদান করেছে। এতে সুনির্দিষ্টভাবে কয়েক ব্যক্তির নাম উল্লেখ আছে। প্রাপ্ত তথ্য থেকে ‘পরামর্শক সংস্থার কাছ থেকে তারা ঘুষ দাবি করেছেন’ এই উপসংহারে আসা সঠিক হবে না, আইন ও বিধি সম্মতও হবে না।
অধিকন্তু এ পর্যায়ে নাম প্রকাশ করা হলে তাদের প্রতি সুবিচার হবে না। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। এরই মধ্যে কমিশনের কর্মকর্তাবৃন্দ কয়েক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে। কানাডীয় তদন্ত সংস্থার সাথেও যোগাযোগ করা হয়েছে এবং তারা দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা প্রদানে সম্মত হয়েছেন। কমিশনের অনুসন্ধান কর্মকর্তাগণ কর্তৃক যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সত্য উদঘাটনের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে।
দুদক মনে করে, পদ্মা সেতু নির্মাণ একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে পরিপূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়া প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে নানা অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়।
বিবৃতিতে দুদক উল্লেখ করে, প্রতিটি অভিযোগই গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন অঙ্গীকারাবদ্ধ।
গণমাধ্যমকে অসত্য ও বিকৃত ও খণ্ডিতভাবে সংবাদ না প্রকাশ করার অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমকে সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে অনুসন্ধানাধীন ও তদন্তনাধীন কোনো বিষয়ে পরিপূর্ণ সত্য জেনে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানানো হলো। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে না। কমিশনের অনুসন্ধান/তদন্তও ক্ষতিগ্রস্ত হবে না। দুর্নীতি দমন কমিশন ও গণমাধ্যম যে জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করছে, তাও সমূন্নত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এডিএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর