 |
এ দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর অসুস্থতার খবরে দেশের গানপাগল শ্রোতাদের মনে এখন নানা প্রশ্ন। সবাই জানতে চায়, আইয়ুব বাচ্চুর আসলে কি হয়েছে?
সারা শহর জুড়ে শ্রোতাদের এমন কিছু প্রশ্নের সমাধানের জন্যই বাংলানিউজ থেকে হাজির হয়েছিলাম এই মুহূর্তে রক লিজেন্ড কেমন আছেন সেই খবরটি জানতে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখন সুস্থ আছেন এবং সোমবার বাড়ি ফিরে যাবেন বলে জানা যায়। সোমবার দুপুরে তাকে বাসায় নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু এর আগেও বেশ কয়েকবার বাড়ি ফেরতের কথা শুনা গেলেও শেষ পর্যন্ত বাড়ি ফেরা হয়নি তার। যেন শুরু থেকেই কিছু একটা গোপন করা হচ্ছিলো।
এর কারণ হিসেবে এলআরবির ব্যবস্থাপক সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম বাংলানিউজকে বলেন, ‘আমরা নিজেদের সিদ্ধান্তেই তাকে কিছুদিন বিশ্রামে রেখেছিলাম। রবিবারই তাকে বাসায় নিয়ে আসতাম। তবে সারাশহরে অবরোধের ঝামেলার কারণে সোমবারে তাকে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।’
এদিকে এই রক লিজেন্ডের অসুস্থতার খবর শোনার পর গত ২৯ নভেম্বর তার সাথে দেখা করতে এসেছিলেন আরেক রকস্টার জেমস। ঐ দিন বিকেল ৩টার দিকে তিনি আইয়ুব বাচ্চুকে দেখতে হাসপাতালে যান।
হাসপাতাল থেকে বের হয়ে তিনি জানিয়েছিলেন ‘আইয়ুব বাচ্চুর অবস্থা এখন কিছুটা ভালো মনে হয়েছে। আশা করা যায় দুই একদিনের মধ্যেই সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।’
আইয়ুব বাচ্চুর সাথে সাক্ষাৎ করতে না পারলেও অনেকেই ফেইসবুকে তার আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেছেন।
আইয়ুব বাচ্চু অসুস্থ হবার পর কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, `বাচ্চু ভাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এটাই প্রার্থনা, আমরা সবাই এই প্রার্থনাই করছি।`
অধিকাংশ মিউজিশিয়ান ও মিডিয়া কর্মীদের স্ট্যাটাস ছিল এমনটাই।
শ্রোতা-ভক্ত অনুরাগীদের এমন ভালোবাসা দেখে আইয়ুব বাচ্চু নিজে সবার উদ্দেশ্যে জানান, `সবার আশীর্বাদেই আমি ছিলাম। এখনও আছি। আর কনসার্টগুলো বাতিল করার জন্য আমি দুঃখিত। সকলে আমার জন্য দোয়া করবেন।`
আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আব্দুল্লাহ আল জামিল জানান, ` আমরা যে আশঙ্কা করেছিলাম, তা এখন তিনি পুরোপুরিই কাটিয়ে উঠেছেন। মূলত ফুসফুসে পানি জমার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। এখন তিনি সুস্থ। তবে এখনও তাকে বেশ কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।`
তিনি বেশকিছুদিন বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছেন এই রক লিজেন্ডকে। তাই আপাতত কোন কনসার্টে অংশগ্রহণ করবেন না । তবে আগামী ফেব্রুয়ারি থেকে কনসার্টে অংশ নিবেন বলে জানান এলআরবির ব্যবস্থাপক সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম।
উল্লেখ্য, ২৭ নভেম্বর হঠাৎ করে অসুস্থ বোধ করায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় আইয়ুব বাচ্চুকে। এরপর তাঁকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। এখানে কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিলের তত্ত্বাবধানে চিকিৎসা চলে তার। দুইদিন পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। আইয়ুব বাচ্চুর অসুস্থ হওয়ার খবরটি পৌঁছানোয় সংগীতাঙ্গন ও মিডিয়া সংশ্লিষ্টদের মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠার।
বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
এমকে/ জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় প্রধান বিনোদন