ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সন্ধ্যায় মো. আব্দুর রাশেদ (১৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রাশেদ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, ইফতারের কিছু সময় আগে বাড়ির সামনেই রাশেদকে কুপিয়ে মারাত্মক জখম করে ১০ থেকে ১২ জনের একদল যুবক। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
রাশেদের বাবা আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও এ বিষয়ে তারা নিশ্চিত নন। তবে ধারণা করা হচ্ছে বন্ধুদের সঙ্গে ঝামেলার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাশেদের লাশ সদর হাসপাতালে রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর