১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:৩১ এএম BDST banglanew24
04 Jun 2012   11:24:18 AM   Monday BdST
E-mail this

বাংলানিউজ এক্সক্লুসিভ

ব্যর্থ বিচারপতির অভিশংসন জরুরি: অ্যাটর্নি জেনারেল


মাহমুদ মেনন, হেড অব নিউজ/ জাকিয়া আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্যর্থ বিচারপতির অভিশংসন জরুরি: অ্যাটর্নি জেনারেল বাংলানিউজ এক্সক্লুসিভ

ঢাকা: বিচারপতি নিয়োগে সরকারকে আরও সতর্ক থাকতে হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি জোর দিয়ে বলেছেন, বিচারপতিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হলে তার জন্য তাদের অভিশংসিত করার বিধান থাকা জরুরি।

বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন অ্যাটর্নি জেনারেল।

আইন পেশা থেকে যারা বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন তাদের ক্ষেত্রে অন্তত ১০০টি মামলা পরিচালনা এবং তার মধ্যে অন্তত ১০টি মামলা রিপোর্টেড হয়েছে এমন যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করতে হবে বলে পরামর্শ তার।

আর যারা সার্ভিস থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে আসীন হন তাদের নিয়োগের ক্ষেত্রে, যেসব স্টেশনে তারা কাজ করে এসেছেন সেসব স্টেশনের আইনজীবীদের মতামত গ্রহণ করা জরুরি বলে মনে করেন মাহবুবে আলম।  

অবশ্য অ্যাটর্নি জেনারেল বলেছেন, এসব তার ব্যক্তিগত মত। আইন ও বিচার বিভাগে দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই এই মত দিচ্ছেন তিনি।

তিনি বলেন, ``বিচারপতি যদি আশানুরূপভাবে সফলতা দেখাতে না পারেন, বিচারপতি যদি মামলা নিষ্পত্তি করতে কোনো পক্ষের দিকে ঝুঁকে পড়েন, তিনি যদি কেবল তার স্ট্যাটাস রক্ষায় বেশি চিন্তিত হয়ে পড়েন তখন এসব প্রশ্ন সামনে চলে আসবেই।`` 

কথোপকথনে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে আরও যেসব বিষয় উঠে আসে তার মধ্যে ছিলো বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে করা সাম্প্রতিক মামলা ও তাদের কারাবাস প্রসঙ্গ।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মত, ``বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে যেসব মামলা চলছে তার কোনোটিই রাজনৈতিক মামলা নয়, ফৌজদারি অপরাধে অপরাধী তারা।``

তিনি বলেন, ``গাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা, কিংবা সচিবালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা এমন ঘটনায় কেবল যারা ঘটনাটি ঘটিয়েছে তারাই দোষী হবে তা নয়, যারা এমন ঘটনা ঘটাতে নির্দেশ দিয়েছেন কিংবা পরোক্ষ মদদ দিয়েছেন তারাও সমান অপরাধী। সে অপরাধেই বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে।``

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট এর অর্থ আত্মসাৎ মামলা ও তার দুই ছেলের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার  বিষয়েও একই মত অ্যাটর্নি জেনারেলের।

 ``এতিমের নামে অর্থ নিয়ে তা আত্মসাৎ কোনোভাবেই একজন প্রধানমন্ত্রীকে মানায় না। তেমনি ক্ষমতার অপব্যবহার করে তার দুই ছেলে যে অর্থ দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে তাও গ্রহণযোগ্য নয়। এমন মামলা কেন রাজনৈতিক মামলা হবে?``--এই  প্রশ্ন তুলে অ্যাটর্নি জেনারেল বলেন, ``তাদের এই অপরাধের জন্য এফবিআই’র এজেন্ট এসেও সাক্ষ্য দিয়ে গেছে।``

কথা হয় মামলার জট ও নিস্পত্তির দীর্ঘসূত্রতা নিয়ে। অ্যাটর্নি জেনারেল বলেন, ``আমাদের দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে জমির ওপর চাপ আরও বাড়ছে। ব্যবসা বাণিজ্য বাড়ছে। এগুলো যত বাড়বে ততই দ্বন্দ্ব সংঘাত বাড়বে আর তাতে মামলার সংখ্যাও দ্রুত বেড়ে যাবে।``

``মামলার দ্রুত নিষ্পত্তি না হওয়ার পেছনে বিচার বিভাগের দায় রয়েছে``-- স্বীকার করে নিয়েই দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ``অপেক্ষাকৃত ক্ষমতাধররা মামলাগুলো যাতে বছরের পর বছর চলতে থাকে তা নিশ্চিত করতে অর্থ ব্যয় করে। এতে দুর্বল পক্ষ সর্বস্বান্ত হয়। আর কাজটিতে সহযোগিতা করেন আইনজীবীরাই। আইনের ফাঁক ফোঁকর গলিয়ে তারা এ কাজগুলো করেন। আর আদালতের বাঁধা চোখ থাকায় বিচারকাজটি বিলম্বিত হয়।``

এ বিষয়ে আদালত নিজেও যে কখনো কখনো জড়িত থাকে এমন অভিযোগ একেবারে উড়িয়ে দেননি অ্যাটর্নি জেনারেল।

``সুপ্রিম কোর্ট এ ব্যাপারে সরাসরি কোনো ভূমিকা নিতে পারে কি না?`` --এপ্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ``সুপ্রিম কোর্ট তো অহরহই বিভিন্ন ডাইরেকশন দিয়ে যাচ্ছেন। সংবাদপত্রে খবর দেখে স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশনা দিচ্ছেন, কাউকে তলব করছেন, রুল জারি করছেন।``

একটা সময় ছিলো সমাজের ভেতরেই অপরাধ প্রবণতার বিরুদ্ধে কিছু প্রতিকারের ব্যবস্থা ছিলো; কিন্তু এখন সে ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ফলে আদালতের ওপর চাপ বেড়েছে--এই অভিমত অ্যাটর্নি জেনারেলের।

তিনি বলেন, ``মানুষের আত্মকেন্দ্রিকতা এমন পর্যায়ে গেছে যে বাবা তার মেয়ের, ভাই তার বোনের খবরও রাখে না। আর এই সুযোগে মেয়েদের ওপর নেমে আসে চরম নির্যাতন। ভয়ঙ্কর রকমের সামাজিক বিপর্যয় শুরু হয়েছে যেখানে স্বামী বিক্রি করে দিচ্ছে তার স্ত্রীকে।``

``এ অবস্থা থেকে পরিত্রাণে একা বিচারালয় ভূমিকা রাখতে পারবে না। প্রয়োজন সামাজিক চেতনা জাগ্রত হওয়া ও  সামাজিক আন্দোলন``, বলেন অ্যাটর্নি জেনারেল।

``কিভাবে সেটা সম্ভব?``-- এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাওয়া একটি শুভেচ্ছা কার্ডের কথা উল্লেখ করেন। তিনি জানান, ``কার্ডটিতে ছিলো একটি অটিস্টিক শিশুর আঁকা ছবি। এমন একটি ছবি অটিস্টিক শিশুদের প্রতি সমাজের মানুষের কর্তব্যবোধ জাগ্রত করতে পারে। ঠিক এভাবেই সমাজের অসঙ্গতিগুলোর বিরুদ্ধেও গড়ে তোলা যায় সামাজিক আন্দোলন বা দায়বদ্ধতা।``

আদালতের সিনিয়র আইনজীবীদেরও এক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে, এমন মত দিয়ে মাহবুবে আলম বলেন, ``সমাজের প্রতি তাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। কেবল অর্থের বিনিময়ে সমাজের ভিলেন চরিত্রের পক্ষে দাঁড়িয়ে তাদের মামলা জিতিয়ে দেওয়া যোগ্য আইনজীবীর কাছে কাম্য হতে পারে না।``

অ্যাটর্নি জেনারেল দলের নাকি দেশের, সংবাদ মাধ্যমে এমন সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, ``অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। রাষ্ট্রপতি যে দায়িত্ব দেন তা পালন করে যাওয়াই এ পদে যিনি বসবেন তার কাজ। সমালোচনা রয়েছে সে কথা আমিও জানি। কিন্তু আমি আমার নিজের কাছে স্বচ্ছ। সততা, নিষ্ঠা, প্রজাতন্ত্র ও জনগণকে সামনে রেখে কাজ করছি, সেভাবেই করে যাবো এটাই আমার অঙ্গীকার।``

দেশ তার আদি সংবিধানে ফিরেছে। পুনুরুদ্ধার হয়েছে অনেক সাংবিধানিক অধিকার। আর এ কাজে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ছিলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু ৭২’র সংবিধান মুদ্রিত হয়ে এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি। তা পেতে কতদিন লাগবে? এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ``টেবিলে বা সেলফে সংবিধানের একটি কপি রাখতে বাঙালি পছন্দ করে। তাদের কাছে নতুন মুদ্রিত সংবিধান দ্রুতই পৌঁছে দেওয়া সম্ভব হবে এটি আমারও প্রত্যাশা।``

একান্ত সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল
বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইতিহাস পাল্টে দেওয়া যাবে না

একান্ত সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল
আগেই পেপারবুক পড়ে নিতে পারতেন হুমায়ূন আহমেদ


বাংলাদেশ সময় ১০৫৩ ঘন্টা, জুন ০৪, ২০১২
এমএমকে/সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান