ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘ইনফরমেশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ শীর্ষ ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেছে সংগঠনটি।
বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশনে সক্ষমতা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে এফবিসিসিআই।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘আগামীতেও ইনফরমেশন টেকনোলজি, প্রশাসনিক ও ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষণ অব্যাহত থাকবে। চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোতে বিভিন্ন কম্পিউটার ও অফিস উপকরণ সরবরাহের জন্য প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এফবিসিসিআই।’
এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচনী অঙ্গীকার অংশ হিসেবে স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপাসিটি বিল্ডিং অব অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর সহযোগিতায় প্রাথমিকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে।
প্রশিক্ষণ পর্বে ১০টি চেম্বার ও ১৪টি অ্যাসোসিয়েশন থেকে মোট ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পর্বে অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেল সংক্রান্ত বিষয়ে শিক্ষা দেওয়া হয়।
আগামী সপ্তাহের ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ২৪, ২০১২
এইচএমএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর