ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কারণে দুর্ভোগে পড়েছেন ৭৪ ভারতীয় নাগরিক। দিল্লির কোনো ফ্লাইট না থাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ওই ভারতীয়রা।
বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিক অঞ্জনা সরকার জানান, রসায়নবিদদের একটি সম্মেলনে যোগ দিতে তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে গিয়েছিলেন। শুক্রবার রাত ২টার বিমানের ফ্লাইটে (বিজি ০৮৭) তাদের ঢাকা হয়ে দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু একদিন পর শনিবার বিকেল পাঁচটায় কুয়ালালামপুর ছাড়ে তাদের ফ্লাইট। রাত ৮টায় তারা ঢাকায় এসে পৌঁছান। এরপর বিমানের সঙ্গে যোগাযোগ করলে তাদের জানানো হয়, আগামী দুই দিনে ঢাকা থেকে দিল্লির কোনো ফ্লাইট নেই। তাই বিমান কিছু করতে পারছে না।
অঞ্জনা জানান, বিমান কর্তৃপক্ষ তাদের রাখবে কিনা কিংবা রাখলেও কোথায় রাখবে, সে বিষয়ে কিছুই জানায়নি। এখন কবে তারা দিল্লি যেতে পারবেন সেটিও তাদের জানানো হচ্ছে না। তাদের অধিকাংশের কাছে ভারতীয় রুপি ছাড়া আর কোনো মুদ্রা নেই।
এ বিষয়ে বিমানের স্টেশন (শাহজালাল বিমানবন্দর) ম্যানেজার মনজুর মোর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে জানান, যতজনকে সম্ভব শনিবার রাতের মধ্যেই জেটএয়ারওজের একটি ফ্লাইটে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হবে। বাকিদের রোববার সকালে বিমানের ফ্লাইটে কলকাতা পাঠানো হবে। সেখান থেকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১২
আইএইচ/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর