 |
ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কয়েকজন শিক্ষাবিদ।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ, ড. মনিরুজ্জামান মিঞা ও ড. আনোয়ার উল্লাহসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয়-সাতজন সাবেক উপাচার্য ও প্রবীণ শিক্ষাবিদ।
এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলের ওপর সরকারের নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
শিক্ষাবিদরা খালেদা জিয়াকে ধৈর্য ধারণ করে গণতান্ত্রিক পন্থায় জনগণকে সঙ্গে নিয়ে সরকারের অনাচার মোকাবেলা করার পরামর্শ দেন।
দেশের জনগণের ক্ষতি হবে না কিন্তু সরকারের টনক নড়বে এবং দেশ-বিদেশে এর প্রভাব পড়বে এমন কর্মসূচি দেওয়ার জন্য খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান তারা। পাশাপাশি তারা বিএনপির এ দুর্যোগের সময় খালেদা জিয়ার পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।
এ সময় শিক্ষাবিদরা বিএনপির পূর্বঘোষিত ১১ জুনের মহাসমাবেশ সফল করার বিভিন্ন কৌশল নিয়েও খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ২৪, ২০১২
এমএম
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর