ঢাকা: এল জি আর ডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের হত দরিদ্রদের জন্য বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় রাজধানীতে প্রায় ১ লাখ ২০ হাজার হতদরিদ্র লোক ও মুক্তিযোদ্ধাদের বয়স্কভাতা দেয়া হচ্ছে।
শুক্রবার রাজধানীর শহীদ পার্ক মাঠে মোহাম্মদপুর ও আদাবর থানার অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শহর সমাজসেবা বিভাগ-৬ ও সোনালী ব্যাংকের সহায়তায় বয়স্কভাতা ও সুদমুক্ত ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক নাসিমা বেগম, সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক টি এম আফজাল, আওয়ামী লীগ নেতা সাদেক খান ও হাবিবুর রহমান মিজান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনকল্যাণে বিশ্বাসী বলে সারাদেশে দল মত নির্বিশেষে হত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন গণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বিগত সরকার বিভিন্ন ভাতার নামে দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছে।
তিনি বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, বনায়ন, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধভাবে চলমান কর্মকাণ্ডকে সহায়তা করতে হবে।
তিনি মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার সার্বিক উন্নয়নে সদা নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দিয়ে বলেন সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে শিগগিরই দরিদ্রদের জন্য ৫০ শয্যার হাসপাতাল নির্মাণ এবং ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে।
পরে প্রতিমন্ত্রী মোহাম্মদপুর ও আদাবর থানার হতদরিদ্র ও বয়স্ক ১৭৫৮ জনকে নগদ ৩৫ লাখ টাকার বয়স্কভাতা, এসিড দগ্ধ, প্রতিবন্ধী ও ক্ষুদ্র উদ্যোক্তা ১৩৩ জনের মধ্যে প্রায় ১৭ লাখ টাকার সুদমুক্ত ঋণের অর্থ বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২