কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় বৃহস্পতিবার অন্তত সোয়া কোটি টাকা মূল্যের মাইক্রোবাসভর্তি ভারতীয় উন্নত মানের শাড়ি জব্দ করেছে বিজিবি।
সকাল ৯টার দিকে চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় বিজিবির অভিযানে এ মালামাল জব্দ হয়।
৩৩ বিজিবির মেজর সাব্বির আহমেদ বাংলানিউজকে জানান, তার নেতৃত্বে বিশেষ টহল দল সকালে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় মাইক্রোবাসভর্তি ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করে।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারী দলের সদস্য ও গাড়িচালক পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবির দাবি, জব্দকৃত শাড়ির মূল্য অন্তত সোয়া কোটি টাকা।
শাড়িগুলো কুমিল্লা কাষ্টমস গোডাউনে জমা দেওয়া হবে। এ ব্যাপারে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর