ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত সায়হাম কটন মিলের শেয়ার লেনদেন রোববার থেকে শুরু হয়েছে।
এর আগে গত ১৭ জুন এ কোম্পানির লেনদেন হওয়ার কথা থাকলেও নতুন সফটওয়্যারে কিছু সমস্যার কারণে ডিএসই কর্তৃপক্ষ ওইদিন লেনদেন স্থগিত রাখে।
রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত। ডিএসইতে এ কোম্পানির ট্রেডিং কোড ‘এসএআইএইচএএমসিওটি’ এবং কোম্পানি কোড ১৭৪৫৩।
গত ৭ ডিসেম্বর সায়হাম কটন মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির ৪০৯তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজারে ৪ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে মোট ৯৫ কোটি টাকা উত্তোলন করে।
এজন্য কোম্পানির শেয়ারের মোট মূল্য নির্ধারণ করা হয় ২০ টাকা। এর মধ্যে প্রিমিয়াম ১০ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকা-বাংলা ফাইন্যান্স লিমিটেড।
কোম্পানিটি বাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে ভূমি উন্নয়ন, আবাসন ও যন্ত্রাংশ ক্রয়ে ব্যবহার করবে।
এসইসির কাছে জমা দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানির নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৩ টাকা।
ওয়েবসাইট থেকে জানা গেছে, সায়হাম কটন মিল কোম্পানির ২০১২ সালের ৩১ জানুয়ারি সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (নভেম্বর-২০১১ থেকে জানুয়ারি-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮০ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৫ কোটি ৯ লাখ ১ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লাভ (ইপিএস) হয়েছিল ০ দশমিক ৫৮ টাকা।
অন্যদিকে, গত ৯ মাসে (মে-২০১১ থেকে জানুয়ারি-২০১২) কোম্পানির কর পরবর্তী লাভ হয়েছে ১৭ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা।
গত বছর ৯ মাসে (মে-২০১০ থেকে জানুয়ারি-২০১১) কোম্পানির কর পরবর্তী আয় হয়েছিল ১৫ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছিল ১ দশমিক ৭৪ টাকা।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর