শ্রীপুর (গাজীপুর): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর জেলার শ্রীপুরের নয়নপুর এলাকার ধনুয়ায় অবস্থিত রোশওয়া স্পিনিং মিলসের একটি পরিত্যক্ত তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে গুদামটি পুড়ে গেছে বলে জানা গেছে।
কারখানার ম্যানেজার (এডমিন) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিতে তুলার গুদামে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সাজিদুল কবির এ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি। ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কেও তিনি কিছু জানাতে পারেননি।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক গৌতম পাল এ সময় উপস্থিত থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
উল্লেখ্য, খবর পেয়ে বিভিন্ন টিভি চ্যানেল ও নিউজ পোর্টালের সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে মিল কর্তৃপক্ষ সাংবাদিকদের সহযোগিতার বদলে অসৌজন্য আচরণ করেন। রহস্যজনক আচরণ করে বলে অভিযোগ করেছেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম।
বৈশাখী টিভির জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘কারখানার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।’
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর