ফেনী: ফেনীর দাগনভূঞা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামানন্দপুর গ্রামে আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির মালিক মোস্তফা মিয়া আহত হয়েছেন।
শনিবার রাত ৩টার দিকে রামানন্দপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মিয়ার বাড়িতে হানা দিয়ে একদল ডাকাত নগদ ৯০ হাজার টাকা ও ১০ ভরি সোনার গহনাসহ প্রায় ৮ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
আহত মোস্তফা মিয়াকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন বাংলানিউজকে জানান, শনিবার রাত ৩টার দিকে ১৫/২০ জনের মুখোশধারী একদল ডাকাত দরজা ভেঙে মোস্তফার ঘরে ঢোকে।
এ সময় পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা মালপত্র লুট করতে শুরু করে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা মোস্তফাকে কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতরা নগদ ৯০ হাজার টাকা, ১০ ভরি সোনার গহনাসহ প্রায় ৮ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আনোয়ারুল আজিম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর