 |
চলচ্চিত্রের পর এবার বাংলাদেশের দীর্ঘ ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার ফেলু দা খ্যাত অভিনেতা সব্যসাচি চক্রবর্তী। আগামী বছরের শুরুত তিনি ‘নিশিগন্ধা’ শিরোনামের ধারাবাহিকে অভিনয় করবেন।
ধারাবাহিকটি পরিচালনা করেছেন কামাল খান। সম্প্রতি পরিচালক ধারাবাহিকটির ব্যাপারে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছেন। সব্যসাচীও ধারাবাহিকটিতে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন।
জানা গেছে, আফসানা মিমি পরিচালিত ‘রান’ ছবির শুটিংয়ে অংশ নিতে ফেব্রুয়ারিতে সব্যসাচি চক্রবর্তী ঢাকায় আসবেন। এ সময় তিনি ‘রানে’র পাশাপাশি এ ধারাবাহিকেও অভিনয় করবেন। এছাড়া একই সময়ে তার সরকারি অনুদানে নির্মিতব্য আরেকটি নতুন ছবিতেও অভিনয় করার কথা রয়েছে। ‘হাডসনের বন্দুক’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন প্রশান্ত অধিকারী।
গত সপ্তাহে ‘নিশিগন্ধা’ ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে চ্যানেল নাইনে।
পতিতাবৃত্তির নানা কাহিনী নিয়ে নাটকটির গল্প। ধারাবাহিকটি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে।
এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, নওশীন, রওনক হাসান, বন্যা মির্জা, রোজী সিদ্দিকী প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
এমকে/গোরা