খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ী গ্রামে চাঁদা না পেয়ে প্রায় দুই হাজার ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।
রোববার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বাগানের কেয়ারটেকার মো. দুলাল বাংলানিউজকে জানান, হাজী রুহুল আমীন প্রায় ২০ একর জায়গা জুড়ে বিভিন্ন ফলজ ও বনজ গাছের বাগান করেছেন।
সোমবার সকাল ৮টার দিকে তিনি এসে দেখেন বাগানের ১০ একর জায়গার প্রায় ২০০০ বিভিন্ন ফলজ বনজ গাছ কেটে ফেলা হয়েছে।
এর মধ্যে আম, জাম, সেগুন, একাশিয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। প্রতিটি চারার বয়স সাড়ে ৪ বছর বলেও জানান তিনি।
বাগানের মালিক হাজী রুহুল আমিন বাংলানিউজকে অভিযোগ করে বলেন, ২০০৭ সালে বাগান করার পর থেকে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলকে তিনি চাদাঁ দিয়ে আসছেন। মাঝে তিনি বেশ কিছুদিন হলো চাদাঁ দেননি। সে কারণেই ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাহাড়ীরা এই ঘটনা ঘটিয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, এই সংক্রান্ত কোন অভিযোগ পায়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে ঘটনাস্থলে সেনাবাহিনী রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর