ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হত্যা মামলার ২ জন আসামি পালিয়ে গেছেন।
বুধবার সকালে রোলকল করতে গেলে বিষয়টি জেল কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সাংবাদিকদের কাছে জেল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেননি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসক আবদুল মান্নান কারাগার পরিদর্শন শেষে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
পালিয়ে যাওয়া ওই দুই আসামি হলেন- বিজয়নগর উপজেলার আবুল কাশেম বেপারীর ছেলে জসিম উদ্দিন বেপারী (২৬) এবং সদর উপজেলা শ্রীরামপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মনির হোসেন মনু (২১)।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মান্নান বাংলানিউজকে জানান, আইজি প্রিজনের নির্দেশে এ ঘটনার তদন্তে ডিআইজি প্রিজন ফজলুল রহমান ব্রাহ্মণবাড়িয়া অবস্থান করছেন।
পালিয়ে যাওয়ার ঘটনা তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এবিষয়ে জানতে ডিআইজি প্রিজনকে একাধিকবার মোবাইল ফোনে ফোন করা হলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি তা রিসিভ করেননি।
ডিআইজি প্রিজন ফজলুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে প্রধান কারারক্ষী নাসির উদ্দীন, করারক্ষী আওলাদ হোসেন ও খায়রুল জামানকে সাময়িকভাবে রবখাস্ত করা হয়েছে।
এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর