 |
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, ‘জনসভার অনুমতি না দিয়ে সরকার অগণতান্ত্রিক ও অসৌজন্যমূলক আচরণ করেছে। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে তার জন্য সরকারই দায়ী থাকবে। অনুমতি না পেলেও আমরা নয়াপল্টনে জনসভা করব।’
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম বলেন, ‘সরকার অনুমতি না দিলেও আমরা নয়াপল্টনে জনসভা করব। এ বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির ৩০ শতাংশ নেতাকর্মী জনসভায় যোগ দিতে ঢাকায় উপস্থিত হয়েছেন।’
তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার অনুষ্ঠান আছেন, এই অজুহাত দিয়ে বিএনপির প্রতিনিধি দলকে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়। ডিএমপির কেউ তাদের সঙ্গে দেখা করেনি। এটা অগণতান্ত্রিক ও অসৌজন্যমূলক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
বিএনপির দলীয় সূত্র জানায়, ১৮ দলীয় জোটের ১১ জুনের জনসমাবেশের স্থান ও মাইক ব্যবহারের অনুমতির বিষয়ে কথা বলতে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়।
মানিক মিয়া এভিনিউ, পল্টন ময়দান ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের যে কোনো একটি বরাদ্দ পেলেই বিএনপি তাদের কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এমএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর