ঢাকা: ঈদের ছুটিতে ক্যাম্প ছুটি হয়ে গেছে। আট দিনের ছুটি শেষে ফের প্রশিক্ষণ শুরু হবে ২৫ আগস্ট থেকে।
ইউরোপ থেকে ফেরার পর প্রায় দুই সপ্তাহ বিশ্রাম দিয়ে অনুশীলন শুরু হয়। ১২ থেকে ১৬ আগস্ট পাঁচদিনের প্র্যাকটিস শেষে ছুটি। ঈদের পরে ২৫ আগস্ট থেকে অনুশীলন ক্যাম্প হবে বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ জনকে নিয়ে। ছয়দিন প্র্যাকটিসের পর বিসিবি একাদশ নামে জাতীয় দল উড়াল দিবে ত্রিনিদাদ এন্ড টোবাগোর উদ্দেশ্যে।
ত্রিনিদাদ তার স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে। প্রথমে বিসিবি একাদশ এবং স্বাগতিক ত্রিনিদাদ একাদশের মধ্যে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিলো। পরে তা চারজাতি ক্রিকেট টুর্নামেন্ট করা হয়েছে। ত্রিনিদাদের প্রতিবেশি জ্যামাইকা, আফগানিস্তানও খেলবে ওই টুর্নামেন্টে। ৬,৭ ও ৮ সেপ্টেম্বর ম্যাচ খেলবে বাংলাদেশ। সফর শেষ করে বিশ্বকাপ খেলতে যাবে জাতীয় দল।
সেপ্টেম্বরে শ্রীলঙ্কা বিশ্বকাপ শুরুর আগে আইসিসি মনোনিত দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সব মিলে বিশ্বকাপের আগে প্রস্তুতিটা মন্দ হবে না।
ক্রিকেটারদের ঈদের ছুটি থাকলেও জাতীয় দলের কোচিং স্টাফদের কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরছেন না। প্রধান কোচ রিচার্ড পাইবাস, ফিল্ডিং কোচ জেসন সুইফট, স্পিন বোলিং কোচ পাকিস্তানের সাকলাইন মুস্তাক, ট্রেনার গ্র্যান্ট লুডেন এবং ফিজিও বিভাগ সিং ঢাকায় থাকছেন। বোলিং কোচ শেন জার্গেনসন ব্রিসবেনে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করছেন। তিনি ফিরবেন ঈদের পরে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
এসএ