পাইকগাছা (খুলনা): পাইকগাছার নোয়াকাটি গ্রামে মন্দির তৈরির নামে এক দরিদ্র পরিবারের সম্পত্তি দখলের অভিযোগে বিরোধপূর্ণ স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ওই বিরোধপূর্ণ স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত মঙ্গলবার ১৪৪ ধারা জারি করেন।
এ বিষয়ে থানা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার নোয়াকাটি গ্রামের মৃত পাগল বিশ্বাসের ছেলে ধীরেন্দ্রনাথের সম্পত্তির ওপর একই গ্রামের প্রভাবশালী নরেন্দ্রনাথ বিশ্বাস ও পলাশ বিশ্বাস গং মন্দির তৈরির নামে দখলের চেষ্টা চালান।
এ ঘটনায় ধীরেন্দ্রনাথ বাদী হয়ে পাইকগাছা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নম্বর- দে: ৯৬/০৯।
বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর আদেশ দেন। আদালত ২৯ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
এদিকে, মামলা চলাকালীন বিবাদীরা ইতোমধ্যে রাতারাতি মন্দিরের নামে পাকা ইমারত তৈরিসহ চলাচলের পথ বন্ধের পাঁয়তারা করেন। ধীরেন্দ্রনাথ কোনো উপায় না দেখে মঙ্গলবার পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত বিরোধপূর্ণ ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন।
এ ব্যাপারে পলাশ বিশ্বাস জানান, এখানে মন্দির ছিল সেটা সংস্কার করা হচ্ছে। আদালতে মামলার ব্যাপারে প্রশ্ন করা হলে স্থানীয় নেতাকর্মীসহ পূজা কমিটির সহযোগিতা আছে বলে জানান তিনি।
এ বিষয়ে পাইকগাছা পূজা কমিটির সাধারণ সম্পাদক দিপক বিশ্বাস জানান, কারো ক্ষতি করে মন্দির তৈরি করা ঠিক নয়। উভয় পক্ষকে ডেকে একটা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর