 |
চট্টগ্রাম: যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফের চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে এসেছে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট। এর ফলে ৭ শিশুসহ ৩৫জন যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
পাশাপাশি তাদের স্বজনরা প্রায় ৩ ঘণ্টা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন।
বুধবার দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর কলকাতার আকাশ থেকে উড়োজাহাজটি ফিরে আসে।
বিমানবন্দর সূত্র জানায়, চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটটি (৪৮৫৭৭) বেলা সাড়ে ১২টায় উড্ডয়ন করে। প্রায় ১ ঘণ্টা উড়ে উড়োজাহাজটি কলকাতা বিমানবন্দরের আকাশে পৌঁছায়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে অবতরণের অনুমতি না পেয়ে চট্টগ্রামে ফিরে আসে। এরপর ত্রুটি সারিয়ে বিমানটি ২ ঘণ্টা পর বেলা আড়াইটায় পুনরায় কলকাতার উদ্দেশে উড়াল দেয়।
ইউনাইটেড এয়ারওয়েজের কলকাতা ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের তরুণ শিল্পোদ্যোক্তা আমীর হোসেন সোহেল বাংলানিউজকে বলেন, ``ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষের ফ্লাইটগুলো দিন দিন গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে। তাদের সেবার মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।``
উন্নত বিশ্বের বিভিন্ন এয়ারওয়েজের সেবার উদাহরণ দিয়ে তিনি বলেন, ``যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে প্রতিটি এয়ারক্রাফট ফ্লাই করার আগেই যান্ত্রিক গোলযোগ সম্পর্কে নিবিড় পর্যবেক্ষণ করা উচিত। আমরা যতটুকু জেনেছি, ফ্লাইটের নেভিগেশন লাইট বিকল হয়ে যাওয়ায় কলকাতা বিমানবন্দরে এয়ারক্রাফটটি অবতরণ করতে পারেনি।``
“ফ্লাইটে শিশুসহ ৩৫ জন যাত্রী ছিল। নির্ধারিত সময়ে ফ্লাইটটি কলকাতা অবতরণ করতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত আসার কারণে প্রায় ৩ ঘণ্টা যাত্রী ও তাদের স্বজনদের চরম উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে কাটাতে হয়েছে। কিন্তু অভিভাবকদের সঙ্গে শিশুখাদ্য না থাকার কারণে শিশুরা সর্বাধিক দুর্ভোগের শিকার হয়েছে।” যোগ করেন আমীর হোসেন সোহেল।
ইউনাইটেড এয়ারওয়েজের এজিএম (পাবলিক রিলেশন) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ``এয়ারক্রাফটের যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটিকে কলকাতা বিমানবন্দর থেকে চট্টগ্রামে ফিরে আসতে হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারানোর পর বিমানটি পুনরায় কলকাতা পৌঁছায়।``
কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, “যান্ত্রিক ত্রুটির ব্যাপারে বিস্তারিত আমি এখনো জানতে পারিনি, তবে ঢাকা থেকে প্রকৌশলী এসে ত্রুটি সারিয়েছেন।”
উল্লেখ্য, গত ১৩ আগস্ট যশোর থেকে ঢাকায় আসার পথে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটের উইন্ডশিল্ড ভেঙে একজন ক্রু চোখে আঘাত পেলেও সেযাত্রা ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল।
২০০৭ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা-সিলেট উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। ইউনাইটেড এয়ারওয়েজ ৫ বছর ধরে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১২
টিসি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com