 |
ঢাকা: বিশেষভাবে ঈদ কাটানোর পরিকল্পনা করেছেন ঢাকায় নিযুক্ত অধিকাংশ দেশের রাষ্ট্রদূত। তাদের মধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা দূরপ্রাচ্যের কোনো দ্বীপে ঈদের ছুটি কাটানোর পরিকল্পনা নিয়েছেন। এরই মধ্যে নিজের দেশে চলে গেছেন ইন্দেনেশিয়ার রাষ্ট্রদূত মিরজাল জাইনউদ্দিন ও ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ।
আর অলিম্পিক উপলক্ষে আগে থেকেই তার দেশে অবস্থান করছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডাব্লিউ গিবসন।
তবে বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতরা অনেকেই ঢাকা ঢাড়লেও ঈদের দিনে দূতাবাসগুলোর কেউ না কেউ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন বলে জানিয়েছে দূতাবাস সূত্রগুলো।
এদিকে ঈদের ছুটি কাটাতে ১৫ আগস্ট বিকেলে ঢাকা ছেড়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। এ সময়টি তিনি দূরপ্রাচ্যের কোনো দ্বীপে কাটাতে পারেন বলে দূতাবাস সূত্র জানালেও কোন দেশে যাচ্ছেন ওই সূত্র তা বলতে চায়নি। ২৩ আগস্ট বাংলাদেশে তার কর্মস্থলে ফিরে আসবেন মজিনা।
আর ১৫ আগস্ট বাংলাদেশ হাইকমিশন চত্ত্বরে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পর বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন পঙ্কজ শরণ।
অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ঈদ করবেন ঢাকাতেই। ‘চতুর্থ এক্সট্রা অর্ডিনারি সেশন অব দ্যা ইসলামিক সামিট কনফারেন্সে’ যোগদান শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সৌদি আরব থেকে দেশে ফিরে ঢাকাতেই অবস্থান করছেন তিনি।
ঈদের দিনে সকাল থেকেই গণভবনে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি কূটনীতিবিদ ও দেশের বিশিষ্টজনদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তার পাশেই থাকবেন দীপু মনি।
নির্বাচনী এলাকায় যাওয়ার কথা থাকলেও সময় স্বল্পতার জন্য ঈদের পরে ২২ আগস্ট চাঁদপুর যাওয়ার কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্বে প্রায় অর্ধশত দেশে বাংলাদেশের মিশন রয়েছে। এ মিশনগুলোর বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রায় কেউই ঈদ করতে দেশে আসছেন না। এবার ঈদের আগে জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পালন উপলক্ষে মিশনগুলোতে রাষ্ট্রদূতদের ব্যস্ত সময় কাটাতে হয়েছে বলে ঈদে দেশে আসার পরিকল্পনা বাদ দিয়েছেন তারা। তাছাড়া যার যার কর্মস্থলে ঈদের দিন বিদেশিদের আপ্যায়ন করারও রেওয়াজ পালন করতে হয় তাদের। তাই এবার প্রবাসেই ঈদ কাটছে অধিকাংশ বাংলাদেশি কূটনীতিকের।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
এআর/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর