ঢাকা: আন্তর্জাতিক রেডক্রস কমিটির বাংলাদেশ মিশনপ্রধান ক্রিস্তফ ফোতে বলেছেন, সম্প্রতি মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশের ভূ-খণ্ডে আসা রোহিঙ্গাদের বিজিবি যে মানবিক সহায়তা দিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় তিনি একথা বলেন। রেডক্রসের নতুন দায়িত্ব নিয়ে তিনি মাদাগাস্কার যাচ্ছেন।
রেডক্রসের বাংলাদেশ মিশনপ্রধান বলেন, ‘বাংলাদেশে সিআরপির (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র) রেডক্রস সহযোগিতা থাকে। এর একটি শাখা চট্টগ্রামে সম্প্রসারণ করা হবে।’
রোহিঙ্গা ইস্যুতে বিজিবি সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘রেডক্রস আন্তর্জাতিক মানবিক আইন সম্পর্কে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে।’
গত আড়াই বছরে ক্রিস্তফ ফোতে বাংলাদেশে ভালো কাজ করেছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।
দীপু মনি বলেন, ``জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আছেন। সেখানে তারা মানবিক প্রশিক্ষণ নিয়ে থাকেন। সে কারণে এই কাজটি তারা ভালো করেই জানেন।``
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com