 |
| ছবি: আশিক/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ইতিহাস পৃথিবীর কোনো দেশে নেই। নির্বাচিত সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হতে পারে না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলীর মুক্তি দাবিতে ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকার মেনে নিন। তাতে আপনারই ভালো হবে।’’
সভাপতির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, নানা অজুহাতে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিএনপি নেতাদের যতো বেশি গ্রেফতার করা হবে আন্দোলন ততো বেশি জোরদার করা হবে।
তিনি বলেন, ‘‘আমরা চাই না, আপনারা অপমানজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নেন। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করুন।’’
মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম এমপি, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, কেন্দ্রীয় সদস্য নাসিম হায়দার সুমন, প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এটি/এমআইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর