 |
ঢাকা: চীনে আমদানি কমে যাওয়ায় টানা চতুর্থ দিনের মতো এশিয়ার শেয়ারবাজাগুলোতে ধস নেমেছে। খবর ব্লুমবার্গ।
গত কয়েকদিন ধরে বিশ্ব পুঁজিবাজারে টানা পতন চলছে। এদিকে বিশ্বে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য বিশ্বের ক্ষমতাধর দেশগুলো বিভিন্ন প্রণোদনা দিলেও পুঁজিবাজারে ধস কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক এবং চীনের ব্যাংকগুলো সুদের হার কমালেও পুঁজিবাজারে মন্দা কাটিয়ে ওঠতে পারছে না ।
ব্লুমবার্গ ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক দেশ চীনের আমদানি কমে যাওয়ায় টানা চতুর্থ দিনের মতো এশিয়ার শেয়ারবাজারগুলোতে পতন হয়েছে। ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা স্পেনের অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য যে বেইল আউট দিয়েছেন তারজন্য এশিয়ার বাজারগুলোতে একটু ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তা স্থায়ী হয়নি।
বিশ্বের সবচেয়ে বড় খনিজসম্পদ কোম্পানি বিএইচপি বিলিটন লিমিটেড চীনে তাদের রপ্তানি আরও বাড়াবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে, চাইনা ইউরুন ফুড গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান পদত্যাগ করার পর কোম্পানির মুনাফা ৬ দশমিক ৩ শতাংশ কমেছে।
এদিকে সোমবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও অস্ট্রেলিয়ার অধিকাংশ দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে।
এশিয়ার বাজারগুলোতেও সূচকের পতন প্রবণতা লক্ষ্য করা গেছে। এশিয়ার প্রধান বাজারগুলোর সূচক কমেছে। যার মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক ৩০ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৮ হাজার ৮৬৬ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ৪ দশমিক ০৮ পয়েন্ট কমে ৭৫৯ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ৪৯ দশমিক ০১ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৭৯ পয়েন্টে, এসঅ্যান্ডপি ২০০ সূচক ২৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩ পয়েন্টে, এস অ্যান্ড পি এশিয়া ৫০ সিএমই সূচক ৫৮ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩ পয়েন্টে এবং কোরিয়া স্টক এক্সচেঞ্জ কেওএস সূচক ৯ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ৮২৭ পয়েন্টে, সাংহাই শেনঝেং সিএসআই ৩০ সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট কমে ২ হাজার ৪১০ পয়েন্টে এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ৫ দশমিক ৬৮ পয়েন্ট কমে ২ হাজার ১৬৫ পয়েন্টে স্থির হয়।
তবে এশিয়ার বেশ কয়েকটি শেয়ার মার্কেটে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এশিয়ার বাজারগুলোর মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ১০ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৯১ পয়েন্টে এবং বিএসই ৫০০ ইনডেস্ক ২৯ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রায় সব শেয়ারবাজারের সূচক নিম্নমুখী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারগুলোর মধ্যে ডাউ-জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মূল্যসূচক ৩৬ হয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩৬ পয়েন্ট, এস অ্যান্ড পি ৫০০ ইনডেক্স ২ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। নাসডাক কম্পোজিট সূচক ৫ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২ হাজার ৯৩১ পয়েন্ট এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ২০ দশমিক ২৮ পয়েন্ট কমে ৭ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে মেক্সিকান স্টক এক্সচেঞ্জ মেক্সিকান বোলসা আইপিসি সূচক ১৩১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৩৯ হাজার ৮৬৩ পয়েন্ট, মেক্সিকান স্টক এক্সচেঞ্জ আইএনএমইএক্স সূচক ১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সান্টিয়াগো স্টক এক্সচেঞ্জে ১৩৪ দশমিক ১০ পয়েন্ট কমে সূচক ২০ হাজার ৯৯৩ পয়েন্টে অবস্থান করছে।
ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিকাংশ স্টক এক্সচেঞ্জে সূচকের ব্যাপক পতন হয়েছে। ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে ইউরো স্টক্সস ৫০ প্রাইস ইইউআর’র সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ পয়েন্টে, এফটিএসই ১০০ সূচক ৩৫ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৭ পয়েন্টে, সিএসি ৪০ সূচক ১১ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৩ হাজার ১৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে জার্মানির ডোসি বোর্স এজি জার্মান স্টক ইনডেক্স ডিএএক্স ২২ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮৭ পয়েন্টে, আইবিইক্স ৩৫ সূচক ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ৬৮৮ পয়েন্টে, এফটিএসই এমআইবি সূচক ৮০ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮১২ পয়েন্টে, সুইস মার্কেন্ট সূচক ২২ দশমিক ৮৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৬০ পয়েন্টে এবং স্টক্সস ইউরোপ ৫০ প্রাইস সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট কমে ২ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর