 |
বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় বিশ্বসাহিত্য ভবন থেকে প্রকাশিত হয়েছে মামুন রশীদ-এর কবিতার বই ‘তোমার পরে মেঘ জমলে’। ‘কবিতা নানারকম’- বলেছিলেন জীবনানন্দ দাশ। সেই নানারকম হয়ে ওঠার পেছনে রয়েছে জীবন, অনুষঙ্গী প্রতিবেশ এবং সংস্কৃতি। এগুলোর সম্মিলিত নির্যাস ধারণ করে কবির কবিতা হয়ে ওঠে নানারকম। কবিতা তো অনুভবেদ্য বাণী। যা কবির কল্পনাকে আশ্রয় করে প্রকাশ পায়। সেখানে কল্পনার সঙ্গে বাস্তবতার মিশেলে কবিতা হয়ে ওঠে অন্তরঙ্গ অনুভূতির প্রকাশ।
‘তোমার পরে মেঘ জমলে’ মামুন রশীদের সেই দূরলক্ষ্যের দিকে যাবার প্রয়াস। যেখানে ব্যক্তি মনের আকুলতার সঙ্গে উঠে এসেছে ভালোলাগা, মন্দলাগার অনুভূতি। যা স্পষ্ট করে তোলে ব্যক্তির অন্তর্মুখী জীবনকে।
এটি মামুন রশীদের তৃতীয় কাব্যগ্রন্থ। এর আগে প্রকাশিত কবিতার বইগুলো- কালোপাতা, ওড়ো সাদাছাই এবং কুশল তোমার বাঞ্ছা করি। শুধু কবিতাই নয়, মামুন রশীদ সাহিত্যের নানামুখী বিষয়ের প্রতি সচেতন। তার অন্যান্য বইগুলো- বাংলাদেশের কবিতা, সৃজনে, অর্জনে (প্রবন্ধ), ডাইনী বুড়ি ও অন্যান্য গল্প (ছোটদের গল্প), সবুজ বাড়ির ভূত (ছোটদের গল্প), ডিরোজিও (জীবনীগ্রন্থ)।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর