চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এরা হলো- জয় দেব (৮) এবং তার ছোট বোন জয়া দেব (৬)।
তারা পৌর এলাকার উত্তর জলদী দেবপাড়া এলাকার প্রবাসী মানিক দেবের সন্তান। মৃত জয় উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় এবং জয়া প্রথম শ্রেণিতে পড়তো।
মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটির পর বাড়িতে এসে তারা পাশের পুকুর পাড়ে খেলতে যায়। দীর্ঘ সময়েও না ফেরায় তাদের মা বেবি দেব ডাকাডাকি করেন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি প্রতিবেশীদের জানান। এরপর প্রতিবেশীরা পাশের পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে ভাই-বোনের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এমবিএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর