বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় ‘মূর্ধন্য’ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে ‘রবীন্দ্র স্মারক গ্রন্থমালা’ সিরিজের ১৫১টি বই। আলাদা আলাদাভাবে রবীন্দ্র সৃষ্টির বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে লেখা এ ১৫১টি বই একসঙ্গে সেট হিসেবে কিনলে বিশেষ কমিশনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
‘একটু আলাদা’ স্লোগানকে উপজীব্য করে ২০০৭ সালে প্রকাশনী সংস্থা হিসেবে আবির্ভূত হওয়া ‘মূর্ধন্য’ মূলত শিক্ষা বিষয়ক, গবেষণামূলক ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বই করলেও গতবছর ‘রবীন্দ্র স্মারক গ্রন্থমালা’ নামের এই সিরিজ আয়োজন কোরে রবীন্দ্রগুণমুগ্ধ ও রবীন্দ্রগবেষক মহলে আলোড়ন সৃষ্টি করে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দেড়’শ বছর পূর্তিতে রবীন্দ্রনাথে সঙ্গে সাধারণ মানুষের পরিচয় ঘটানো এবং সাধারণ মানুষের সঙ্গে তার দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যেই মূলত এ আয়োজন, জানালেন প্রকাশক সঞ্জয় মজুমদার আবীর।
বইমেলায় বিশেষ কমিশনে ‘রবীন্দ্রনাথ: আন্তর্জাতিকতাবাদ’ (কবীর চৌধুরী), ‘রবীন্দ্রনাথ: দেশপ্রেম’ (আহমদ রফিক), ‘রবীন্দ্রনাথ: স্বদেশ ভাবনা’ (আবদুশ শাকুর), ‘রবীন্দ্রনাথ: শিল্প ভাবনা’ (বোরহানউদ্দিন খান), ‘রবীন্দ্রনাথ: ভাষাচিন্তা’ (মোহাম্মদ হাবিবুর রহমান), ‘রবীন্দ্রনাথ: ছোটগল্পে ছোটরা’ (আহমাদ মোস্তফা কামাল), ‘রবীন্দ্রনাথ: গানের নানা দিক’ (রেজওয়ানা চৌধুরী বন্যা), ‘রবীন্দ্রনাথ: রোগশয্যায়’ (জুনান নাশিদ), ‘রবীন্দ্রনাথ : শেষের কবিতা প্রসঙ্গে’ (হাসনাত আবদুল হাই), ‘রবীন্দ্রনাথ: নদীগুলো’ (মাকিদ হায়দার), ‘রবীন্দ্রনাথের গদ্য: প্রথম চল্লিশ বছর’ (যতীন সরকার), ‘রবীন্দ্রনাথ: জনমানুষের কাছে’ (সাইমন জাকারিয়া), ‘রবীন্দ্রনাথ: কবিতার ছবি’ (মনজুরে মাওলা), ‘রবীন্দ্রনাথ: জন্মদিনে’ (শামীম আজাদ), ‘রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ’ (মজিদ মাহমুদ) ও ‘রবীন্দ্রনাথ: ক্ষণিকা’ (সরকার আমিন) সহ মোট ১৫১টি বইয়ের সেটের দাম ধরা হয়েছে ১৩,৫৯০ টাকা।
রবীন্দ্রনাথ সম্পর্কে সাম্প্রতিক পাঠকদের আগ্রহ কেমন জানতে তিনি বাংলানিউজকে বলেন, “আমরা যতদূর জানি বাংলাদেশে এর আগে একসঙ্গে ১৫১টি বই কখনও প্রকাশিত হয়নি। বাংলা ভাষায় রবীন্দ্রনাথকে নিয়ে এতগুলো বই এর আগে একসঙ্গে কখনও বেরোয়নি। রবীন্দ্রনাথের বহু বিচিত্র দিক একসঙ্গে তুলে ধরে তাকে তার সামগ্রিকতায় দেখার এমন উদ্যোগও এর আগে কখনও নেওয়া হয়নি। রবীন্দ্রনাথ তো ক্লাসিক। ক্লাসিকের প্রতি সব সময়ের পাঠকেররই আগ্রহ থাকে।”
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর