আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মঙ্গলবার হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
হরতাল সমর্থকরা পিকেটিং করতে পারলেও পুলিশি বেষ্টনীর কারণে ভাঙচুর করতে পারেননি।
হরতালের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করেনি বলে জানা গেছে।
এদিকে, হরতালে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ব্যাংক, বীমা, ডাকঘরসহ সব অফিসের কার্যক্রম ছিল স্বাভাবিক। শহরের কিছু দোকান-পাট বন্ধ ছিল।
হরতালের কারণে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ৬ জেলায় সার সরবরাহ বন্ধ ছিল। নদীপথে কোনো যান চলাচল করেনি।
মঙ্গলবার সকাল থেকেই যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে জড়ো হন।
পরে সকাল ৮টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের মূল মূল রাস্তা প্রদক্ষিণ করে। শেষে শহরের ফায়ার সার্ভিস চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর