 |
ঢাকা: রাজধানীর গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তার রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নামাজ আদায় শেষে বেলা ১২টা পর্যন্ত বনানীস্থ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অবস্থান করবেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকার লোকজন ও সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এক বিবৃতিতে এরশাদ দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে এরশাদ বলেছেন, ঈদ রোজাদারদের কাজে আল্লাহর পুরস্কারস্বরূপ।
এরশাদ বলেন, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তার নির্বাচনী এলাকা বরিশালের বাকেরগঞ্জের বাহেরচর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ খুলনা সার্কিট হাউস মাঠে ঈদের নামাজ আদায় করবেন। সেখানে তিনি তার ভাই-বোনদের সঙ্গে ঈদ উৎসব পালন করবেন।
সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার নিজ এলাকা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছাদেকনগর গ্রামে নামাজ আদায় করবেন। নামাজ শেষে এলাকারর লোকজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সাবেক মন্ত্রী প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু নামাজ পড়বেন গুলশান আজাদ মসজিদে। নামাজ শেষে জন্মস্থান চট্টগ্রামের রাউজান উপজেলার কদরপুর গ্রামে যাবেন লোকজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
ইএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর