ভোলা: কলেজ ছাত্রকে নির্যাতনের অভিযোগে ভোলার লালমোহন উপজেলার আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বহিষ্কৃত আব্দুস শহীদ রমাগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য।
সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৪ আগস্ট রমাগঞ্জ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও চরফ্যাশন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মাজারুল ইসলাম আরিফকে প্রকাশ্যে বেধড়ক মারধর করেন আব্দুস শহীদ। এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ পরিবেশন হয়।
বৃহস্পতিবার রাতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন নির্যাতনকারী আব্দুস শহীদকে বহিষ্কার করেন।
এছাড়া নির্যাতনের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মিজানুর রহমান বলেন, ছাত্র নির্যাতনের ঘটনায় শহীদ মেম্বারসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর