ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শেষ হয়েছে। তবে কমে গেছে লেনদেনের পরিমাণ।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৯৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৮৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১৮৭ কোটি টাকা। ওইদিন টানা ছয় কার্যদিবস পর ডিএসইর সাধারণ সূচক বেড়েছিল ৬৮ পয়েন্ট।
বৃহস্পতিবার লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২৯ পয়েন্টে উঠে আসে।
পরবর্তীতে বেলা ১১টা ১০ মিনিটে ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩০ পয়েন্টে, সোয়া ১১টায় ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৫ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচকে ওঠানামা শুরু হয়। দুপুর ১২টায় ডিএসইর সাধারণ সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে, সাড়ে ১২টায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৯ পয়েন্টে, ১টায় ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্টে, দেড়টায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১১ পয়েন্টে, ২টায় ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে স্থির হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে- গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, লংকাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, বেক্সিমকো, ইউসিবিএল ও আফতাব অটোমোবাইলস।
অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৭৮ পয়েন্টে উঠে আসে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টি, কমেছে ৩০টি এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
বৃহস্পতিবার সিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো- পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স, বেক্সিমকো লি., লাফার্জ সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, গ্রামীণ ফোন, ইউসিবিএল, আফতাব অটোমোবাইল, লংকা-বাংলা ফিন্যান্স, আরএন স্পিনিং এবং স্কয়ার ফার্মা।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর