গাজীপুর: শুক্রবার সকাল ১০টায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ হবে। প্রচারণার কৌশল হিসেবে প্রতীক নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। একমাত্র স্বতন্ত্র প্রার্থী আফছারের মোরগ দলীয় প্রতীক হলে নৌকা, মোরগ আর কাস্তে দিয়ে শুরু হবে নির্বাচনী লড়াই।
৩ প্রার্থীর সংশ্লিষ্ট সূত্র ওই তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক হিসেবে নৌকা পাচ্ছেন সিমিন হোসেন রিমি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দলীয় প্রতীক কাস্তে নিয়ে মাঠে নামছেন অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন খান মোরগ (প্রতীক পরিবর্তন না হলে) নিয়ে মাঠে যাচ্ছেন।
শুক্রবার সকাল ১০টায় প্রতীক বরাদ্দ হবে। দুই প্রার্থীর দলীয় প্রতীক থাকায় মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আফছার উদ্দিনের প্রতীক ফয়সালা হবে শুক্রবার।
বাংলানিউজের অনুসন্ধানে জানা গেছে, কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন নামে একটি রাজনৈতিক দল আছে। দলটি দলীয় প্রতীক হিসেবে মোরগ নিয়ে নির্বাচন করে থাকে। নির্বাচন কমিশনের নিবন্ধিত না হলেও ওই দলের সভাপতি কৃষক মোহাম্মদ সাদেক তার দলীয় প্রতীক অন্যত্র বরাদ্দের ক্ষেত্রে কোনো আপত্তি করবেন কিনা জানা যায়নি।
তবে আহাসান উল্লাহ মাস্টার এমপি নৃশংসভাবে খুন হওয়ার পর ২০০৪ সালে অনুষ্ঠিত গাজীপুর-২ আসনের উপ-নির্বাচনে কৃষক মোঃ সাদেক মোরগ প্রতীকে তার ৬৪তম নির্বাচনে অংশগ্রহণ করেন। এবারের ক্ষেত্রে তিনি বা তার দল মোরগ প্রতীক বরাদ্দে কোনো অভিযোগ করবেন কিনা এখনো জানা যায়নি।
এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানোজ্জামান বাংলানিউজকে জানান, ‘‘মোরগ কোনো দলের দলীয় প্রতীক কিনা আমার জানা নেই। দেখে বলতে হবে।’’
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
রিপন আনসারী/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর