 |
চট্টগ্রাম: নেত্রকোণার কৃতি সন্তান ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোক র্যালী, মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করেছে জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
আইটি ভবনে শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীরা।
এর আগে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে রেলস্টেশন চত্বর থেকে একটি শোক র্যালী ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন দক্ষিণ করে আইটি ভবনে এসে শেষ হয়।
পরে এক শোক সভায় সংগঠনের সভাপতি মামুন-উল-আলমসহ সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিজন বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, নেত্রকোণার কৃতি সন্তান ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ শুধু বাংলাদেশের নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী অঞ্চলে তার সৃষ্টি দিয়ে সমানতালের পাঠকদের মন জয় করেছেন।
বাংলা সাহিত্যের সব ক্ষেত্রে তার সমান অবদান উল্লেখ করে তারা আরো বলেন, হুমায়ূনের মৃত্যুতে বাংলাদেশের কথাসাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
পরে মিলাদ মাহফিলে হুমায়ূন আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উল্লেখ্য, জনপ্রিয় এ কথাসাহিত্যিক ১৯৪৮ সালে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর (নানা বাড়ি) শেখ বাড়িতে জন্ম নেন। তার বাবার বাড়ি জেলার কেন্দুয়ার কুতুবপুরে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে জীবনাবসান ঘটে এ মহান কথাসাহিত্যিকের।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর