১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:৪২ এএম BDST banglanew24
17 Aug 2012   03:16:15 PM   Friday BdST
E-mail this

বো সিলাইয়ের স্ত্রীর বিরুদ্ধে রায় সোমবার


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বো সিলাইয়ের স্ত্রীর বিরুদ্ধে রায় সোমবার

ঢাকা: এক ব্রিটিশ ব্যবসায়ী হত্যা মামলায় আদালতে অভিযুক্ত চীনের সাবেক শীর্ষ রাজনীতিকের স্ত্রীর বিরুদ্ধে রায় আগামী সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনা রাজনীতিক বো সিলাইয়ের স্ত্রী গু কায়লাই ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউডকে হত্যার দায়ে চীনের আনহুই প্রদেশের হেফেই নগরীর একটি আদালতে গত ৯ আগস্ট অভিযুক্ত হন।

আদালতের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আদালতে হেইউডকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ অস্বীকার করেননি গু কায়লাই।

গত বছরের নভেম্বর মাসে চীনের চংকিং নগরীর একটি হোটেল কক্ষ থেকে হেউউডের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে চীনের আনহুই প্রদেশের তথ্য বিভাগের সহকারী পরিচালক ঝাং মিং গু বলেন, “সোমবার রায় ও সাজা ঘোষণা করবে আদালত।”

গু কায়লাইয়ের সঙ্গে ঝাং সিয়াওজুন নামে তার এক সহযোগীও এ হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে দোষী সাব্যস্ত হলে উভয়ই মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারেন।

গু কায়লাইকে ঘিরে সৃষ্ট কেলেঙ্কারিতে চীনের অন্যতম প্রতিশ্রুতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বো সিলাইয়েরও রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়।

গত মার্চ মাসে বরখাস্ত হওয়ার পূর্ব পর্যন্ত চীনের চংকিং নগরীর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বো সিলাই।

বর্তমানে তার বিরুদ্ধেও চীনের কমিউনিস্ট পার্টির নীতি ও শৃংখলা ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে বলে জানা গেছে। তবে অভিযোগগুলোর বিবরণ প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

চীনে আসন্ন নেতৃত্ব পরিবর্তনের ঘটনাপ্রবাহের মধ্যে বো সিলাই এবং তার স্ত্রীর বিরুদ্ধে চীনা কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থা ব্যাপক কৌতুহল এবং  জল্পনা কল্পনার সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলেও।

আগামী কয়েক মাসের মধ্যে চীনের বেশ কয়েকজন শীর্ষ নেতা অবসরে চলে যাবেন। পাশাপাশি নতুন প্রজন্মের নেতারাও নেতৃত্বে আসবেন বলে ধারণা করা হচ্ছে। বো সিলাইও এ পালাবদলে গুরুত্বপূর্ণ একটি পদের দাবিদার ছিলেন বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান