 |
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৃহৎ প্রতিষ্ঠান বিজিএমইএ আয়োজিত গার্মেন্টস শ্রমিকদের নিয়ে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গর্ব-২০১০ এর সেরা দশজন পোশাক শিল্পীকে নিয়ে মৌলিক গানের অ্যালবাম আমাদের গান” শিগগিরই বাজারে আসছে।
গর্বের পোশাক শিল্পীদের গানের রেকডিং এর মাধ্যমে বর্তমানে অ্যালবামের কাজ পুরোপুরি শেষ। অ্যালবামের গানের বৈচিত্র্য আনতে সুরকার ও সংগীত পরিচালক আরমান খানের তত্ত্বাবধানে রাতদিন কাজ চলছে স্টুডিওর মধ্যে। গর্ব এর সেরা দশজন পোশাক শিল্পী তাদের নিজস্ব ঢংয়ে তাদের কন্ঠের জাদুতে গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগবে বলে আশা করা হচ্ছে।
গর্বের সেরা দশজন পোশাক শিল্পীর গানের ধারাবাহিকতার সাথে সঙ্গতি রেখে গানগুলো লিখেছেন বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার ও গর্বের অনুষ্ঠান সমন্বয়কারী সাইফুদ্দিন ইমন। বাংলানিউজকে তিনি বলেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে অ্যালবামটিতে আমাদের লোকজ গান তথা ফোক ফিউশন, মেলো রক ও পপ ব্যালাট নির্ভর গানগুলো শ্রোতাদের কানে যাতে নাড়া দিতে পারে সেই ভাবে গানগুলো তৈরি করা হয়েছে।
অ্যালবামের গানগুলোর মধ্যে মন দিওয়ানী (রূপওয়ালী), স্বপ্ন রঙ্গিন, মা, প্রানো বন্ধুয়া, মন ভালো নেই, বাংলাদেশ, পরাণে হাওয়া, কিশোরী, পরাণ পাখি, পীরিতি শিখাইয়া শিরোনামের গানগুলে গেয়েছেন গর্ব এর সেরা দশের রুকসানা, রাকিব, শাহিন, ফরহাদ, পাভেল, সাগর, রাজিব, মুরাদ, প্রিয়া ও হিরু ফকির। শ্রোতাদের কথা মাথায় রেখে পোশাক শিল্পের নবাগত এই শিল্পীদের কন্ঠের গানগুলো বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা করেন সুরকার আরমান খান।
অ্যালবামটি প্রসঙ্গে বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ও গর্ব এর প্রধান সমন্বয়কারী মোঃ আতিকুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের তৈরী পোশাক যাদের হাত ধরে বিশ্বে ‘মেইড ইন বাংলাদেশ’কে পরিচয় করে দিচ্ছে তাদের জন্য প্রতিনিয়ত সুযোগ সুবিধা সৃষ্টি করার। বিশেষ করে মলিক শ্রমিকের সম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা ‘গর্ব’ এর মতো শ্রমিকদের জন্য একটি রিয়েলিটি শোর আয়োজন করেছি। যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেরা দশজন পোশাক কর্মীকে খুঁজে পেয়েছি যারা একজন কর্মক্লান্ত মানুষ হয়েও সংগীতের মতো বড়ো পরিসরে আজ গান গেয়ে যাচ্ছে নিজেদের প্রতিভার জোরে। আমাদের এরকম যাত্রা আগামীতে অব্যাহত থাকবে এই সব শ্রমজীবি মানুষের জন্য।
বাংলাদেশ সময় ১৭২০, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক