ঢাকা: খালেদা জিয়া আদালতে না আসায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চার্জ শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের সময়ের আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক আগামী ১ জুলাই চার্জ শুনানির জন্য দিন ধার্য করেন।
সময়ের আবেদনে বলা হয়, ইস্ট পাকিস্তান এসেম্বলি মেম্বার্স প্রিভিলেজেস অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী কোনো সাংসদ অধিবেশন চলার সাতদিন আগে ও ৭ দিন পরে পর্যন্ত যে কোনো আইনি পদক্ষেপ থেকে সাংসদরা ছাড় পাবেন।
খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদসহ বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অন্যতম আসামি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।
মামলার অভিযোগে ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।
জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। গত বছর ৮ আগস্ট দুদকের দায়ের করা এ মামলায় গত ১৬ জানুয়ারী আদালতে চার্জশিট দাখিল হয়।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর