গাজীপুর: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে প্রতিপক্ষের ১১ জনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে সাধারণ ডায়রি (জিডি)করেছেন এক সমর্থক।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জিডি’র কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্র জানায়, জয়দেবপুর থানায় করা সাধারণ ডায়রি নং ৪৯২। তারিখ ৬ সেপ্টেম্বর ২০১২। এর বাদী জনৈক মো. হযরত আলী। পিতার নাম মৃত আহাম্মদ আলী। বাড়ি কাপাসিয়া উপজেলার বলাকোনা গ্রামে।
জিডিতে অভিযোগ করা হয়, ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়ার পর জিডির ১১ জন আসামি তাকে ধাওয়া করে হত্যার চেষ্টা করে। তিনি আচরণ বিধি লংঘনের অভিযোগ এনে ও নিরাপত্তা চেয়ে ওই জিডি করেন।
জিডির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। জিডি’র ১১ আসামি হলেন- শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, আলামিন, ওয়াজ উদ্দিন, কবির হোসেন, ইব্রাহিম মিয়া, বাবুল হোসেন, আবুল হোসেন, তোফাজ্জল হোসেন, আলম ও খোকন। বাদী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খানের সমর্থক এবং আসামিরা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির সমর্থক।
এদিকে দৈনিক ঘোষণা পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান আকাশ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আকাশ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক কাপাসিয়ার বেলতলি বাজারে নির্বাচনী সভা করে প্রচারণা করেছেন। এই সভার ছবি তুলতে গিয়ে আকাশ হুমকির শিকার হয়েছেন।
অভিযোগের বিষয়ে সিমিন হোসেন রিমির পক্ষ থেকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আরিফ বাংলানিউজকে বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আচরণবিধি লংঘনের প্রশ্নই আসে না। জিডি’র কোন আসামি বুধবার গাজীপুরে ছিলেন না। তারা নিজ এলাকা কাপাসিয়ায় ছিলেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিমিন হোসেন রিমির ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিভাবে ওই কাল্পনিক জিডি করা হয়েছে। বুধবার গাজীপুরে এমন কোন ঘটনা ঘটেনি।”
এ সব বিষয়ে গাজীপুর জেলা নির্বাচন অফিসার ও কাপাসিয়ার উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার হাসানোজ্জামান সাংবাদিকদের বলেন, “আ ক ম মোজাম্মেল হক এমপি আওয়ামী লীগের দলীয় সভা করেছেন। তবে এ বিষয়ে আচরণ বিধি লংঘনের অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২
প্রতিনিধি/ জেডএম