 |
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি জানেন না গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান কে। তিনি শেষ কবে বিসিবিতে এসেছেন অনেক পরিচালকও বলতে পারেননি।
বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আমিনুল হক অনেক দিন ধরে অসুস্থ। সে জন্য সংশ্লিষ্ট বিভাগের খোঁজখবর নিতে পারছেন না। অভিভাবকের অনুপস্থিতিতে গেম ডেভলপমেন্ট অনেক কাজ ঠিক ভাবে করতে পারছে না। আমিনুল হক পদ আগলে রাখায় বিকল্প একজনকে দায়িত্বও দিতে পারছে না বিসিবি। ফলে গোজামিল দিয়ে চলতে থাকা গেম ডেভলপমেন্টের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বয়সভিত্তিক দলগুলো পারফরমেন্সে। কিছু দিন আগে বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশন (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের কাছে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। অনূর্ধ্ব-১৯ দল সম্প্রতি মালয়েশিয়ায় এসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। প্রথম ম্যাচে কাতারকে বিশাল ব্যবধানে হারালেও বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেছে। যুব দলের এমন পারফরমেন্সে টনক নড়েছে বিসিবি কর্মকর্তাদের।
যুব দলের এমন পারফরমেন্সের পেছনের কারণ খতিয়ে দেখতে রোববার বিকেল ৩টায় জরুরী সভা ডেকেছে বিসিবি। বিসিবি সভাপতি বাংলানিউজকে মোবাইলফোনে জানালেন, ‘পরিচালকরা রাজি থাকলে গেম ডেভলপমেন্ট বিভাগ ঢেলে সাজাবেন।’
নির্বচনের আগে পরিচালকরা এমন সিদ্ধান্তের পক্ষে মত নাও দিতে পারেন। সেক্ষেত্রে চেয়ারম্যানের অবর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হতে পারে। বদলে দেওয়া হতে পারে অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফ। আগস্টে যুব বিশ্বকাপের আগে দলের ভালো প্রস্তুতির জন্য সব ধরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ৩০,২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর