ঢাকা: ইব্রাহীম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালের প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মাজহার হোসেন আর নেই। তিনি শনিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
ব্রিগেডিয়ার মাজহার হোসেন দীর্ঘদিন ধরে হৃদ ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। বারডেমের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৩ কন্যা, জামাতা এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা রোববার সকাল দশটায় বারডেম হাসপাতালের আউটডোর চত্ত্বরে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ জোহর বারিধারা ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে।
ব্রিগেডিয়ার মাজহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বারডেম হাসপাতালের পরিচালনা পর্ষদ, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
এমআইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর