ঢাকা: কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সব কোম্পানির শেয়ারদর সবচে’ বেশি বৃদ্ধি পেয়েছে সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলোজিসের নাম।
গত ৩৩ কার্যদিবসে এ প্রতিষ্ঠানটির দর ১৮.৫০ টাকা থেকে বেড়ে সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬৮.৩০ টাকায়। অর্থাৎ এ সময়ে কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৪৯.৮০ টাকা বা ২৬৯ দশমিক ১৭ শতাংশ।
আর গত সপ্তাহের বাজার পর্যালোচনায় দেখা গেছে, পাঁচ কার্যদিবসে এ প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে। এ সপ্তাহে কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ৪৭ দশমিক ৮৪ শতাংশ।
এদিতে ৪ জুলাই প্রকাশিত প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুসারে, এ সময়কালে প্রতিষ্ঠানটি ১ কোটি ৬০ হাজার টাকা মুনাফা অর্জন করেছে। এতে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৫২ পয়সা। এর আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৪৮ লাখ টাকা এবং ইপিএস ছিল ২৪ পয়সা।
এদিকে চলতি বছরের নয় মাস সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা। আর এ সময় ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২৪ পয়সা। এর আগের বছর একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৪ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকা। আর ইপিএস ছিলো ২ দশমিক ১৭ টাকা- যা প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) পূর্ববর্তী পরিশোধিত মুলধনের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
আইপিও পরবর্তী আমরা টেকনোলোজিসের পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৯০ লাখ টাকা। অনুমোদিত মুলধন ১শ’ কোটি টাকা। আর প্রতিষ্ঠানটির রিজার্ভ ভা-ে থাকা অর্থের পরিমাণ ৭ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে প্রতিষ্ঠানটির শেয়ারদর বৃদ্ধি পাওয়ার পেছনে তেমন কোনো যৌক্তিকতা নেই বলে মনে করছেন অনেক প্রাতিষ্ঠানটিক বিনিয়োগকারী।
তাদের মতে, প্রতিষ্ঠানটির শেয়ারদর সম্পতি যে হারে বৃদ্ধি পাচ্ছে তা অস্বাভাবিক।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
এইচএমএম/ জেডএম