কবিতার পথের পাশে
প্রায় রাত দশটা নাগাদ
আমার মুখ ঢেকে দেয় মেঘ -
ঘরের ভেতর উড়ে চলা হাওয়াপথে
এপাশ-ওপাশ জানালা পেরিয়ে
কোথায় যেন পৌঁছে যায় ওরা,
সেখানে কি আজো স্মৃতিতে
অগোচরে ওড়ে সোনালী ফিতে?
শব্দের গায়ে ঠেস রেখে বসা,
কতোদিন এভাবে আছি পথের পাশে
রুমাল দুলিয়ে কবিতার জন্যে
আমার এই দাঁড়িয়ে থাকা
নীল ছাতা ভরা মেঘ
ঘরে চুমু
ওড়ে নীল ছাতা ভরা মেঘ,
ওগো ছোট্ট ছোট্ট বাড়ি
আর বিষণ্ন থেকো না,
আমরাও বৃষ্টির জন্যে
কতোদিন অপেক্ষা করছি
জয়িতা
বৃষ্টি আমাকে ছাড়ে না
জয় করে জানাতে চায়
ভেজা ডানার পেলবতা
পায়ের কাছে থাকে আলো
সব হয়ে ওঠা হয়ে ওঠা হয় না,
আমি হবো না তেমন জয়িতা
যে কোনো ডানার দু`পাশে
তোমার ও আমার সংকলন,
এ কোনো অতিপৃথিবীর কথা নয়-
তীব্রগ্রন্থিক রাত্রির মধুলিপ্ত বাগানের দিকে
মীমাংসা-রক্তাক্ত পালক আর দীপশিখাগুলি
নেমে আসছে ঘুরে-ঘুরে...
ফিরে যেতে হবেই যখন আগেই চলো
একদিন এসে তুমিও বলবে জয়িতা