 |
ঢাকা: ট্রাইব্যুনাল আইন সংশোধনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
যুক্তরাষ্ট্রে সফররত সাবেক রাষ্ট্রপতি এরশাদ ঢাকায় প্রেরিত এক বার্তায় আইন সংশোধনকে স্বাগত জানান।
বিবৃতিতে এরশাদ বলেন, “এই সংশোধনীর মাধ্যমে উল্লেখিত আইনে যে অসঙ্গতি ছিল, তার অবসান ঘটেছে। একই আইনে একপক্ষের আপিলের সুযোগ থাকবে আর অন্যপক্ষ সে সুযোগ পাবেন না, এটা কোনো গ্রহণযোগ্য সমাধান ছিল না। সংশোধনীর মাধ্যমে সেই অসঙ্গতি দূর হয়েছে।”
বিবৃতিতে আরও বলেন, “আমরা আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। মানবতাবিরোধী বিচারকে কেন্দ্র করে এই আইন সংশোধন হওয়ায় আমরা আশা করি, মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু ও ন্যায্য বিচার নিশ্চিত হবে।”
নতুন প্রজন্মের আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শন জানিয়ে এরশাদ বলেন, “এই আন্দোলন গণতান্ত্রিক আদর্শ বিকাশের ফসল। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান থাকে। স্বাধীনতার চেতনার প্রতি নতুন প্রজন্মের এই আবেগ ও অনুভূতিকে আমি স্বাগত জানাই।”
এরশাদ বলেন, “আমরা যুদ্ধাপরাধীর বিচারের দাবির প্রতি একাত্ম। আমরা বলে এসেছি, যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। সংশোধনীর মাধ্যমে জাগ্রত যুব সমাজের প্রত্যাশা পূরণ হবে।”
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
ইএস/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com