১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:৫২ এএম BDST banglanew24
30 Oct 2012   05:08:15 PM   Tuesday BdST
E-mail this

এনসিসি নির্বাচনের ১বছর

হতাশ না হয়ে আস্থা রাখুন: আইভী


তানভীর হোসেন, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হতাশ না হয়ে আস্থা রাখুন: আইভী এনসিসি নির্বাচনের ১বছর

নারায়ণগঞ্জ: মঙ্গলবার ৩০ অক্টোবর ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনের ১বছর। ২০১১ সালের এ দিনে বহুল আলোচিত এনসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক এমপি শামীম ওসমানকে ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র পদে নির্বাচিত হন নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

গণনমানুষের নেতা হয়ে এখন চালকের আসনে বসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। তিনি এখন নারায়ণগঞ্জবাসীর সারথী। ৩০ অক্টোবর নির্বাচন হলেও তিনি দায়িত্ব দেন ১মাস পর, অর্থাৎ ১ডিসেম্বর।

এদিকে, নির্বাচনের পর ১বছর অতিবাহিত হলেও সিটি করপোরেশন অনুযায়ী আশানুরূপ উন্নয়ন হয়নি বলে অভিযোগ নগরবাসীর। আইভী সে ব্যর্থতার দায় আংশিক স্বীকার করলেও আশানুরূপ উন্নয়ন না হওয়ার পেছনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে অপ্রতুলতার কথা বলছেন। তবে তিনি নগরবাসীকে হতাশ না হওয়ার আহবান জানিয়ে বলেছেন, আস্থা রাখুন, উন্নয়ন হবে।

এদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আইভী সম্প্রতি এক আলাপচারিতায় এনসিসি মেয়র হিসেবে তার সাফল্য-ব্যর্থতা প্রসঙ্গে এ প্রতিবেদককে জানান, নারায়ণগঞ্জ পৌরসভার সঙ্গে বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা যুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন হয়েছে। বিলুপ্ত পৌর এলাকাতে তেমন কোনো সমস্যা না থাকলেও কদমরসুল ও সিদ্ধিরগঞ্জে প্রচুর সমস্যা রয়েছে। এসব এলাকার কাজ করতে প্রচুর টাকার প্রয়োজন যা সিটি করপোরেশনের নেই। পৌরসভার পর সিটি করপোরেশন হওয়ায় মানুষের প্রত্যাশাটা এখন অনেক বেশি। কিন্তু সরকারি বরাদ্দ ঠিকমত পাওয়া না যাওয়ার কারণে অনেক উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রায় ৭০ কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র প্রক্রিয়া শেষ করেছে।

আইভী বলেন, এ সময়ের মধ্যে সিটি করপোরেশনের আয়ের অর্থ দিয়ে উন্নয়ন কাজ চলছে। শহর ছাড়াও বন্দর ও সিদ্ধিরগঞ্জেও কাজ চলছে। উন্নয়ন কাজের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৬০০ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। আশা করি ২০১৪ সালের অর্থ বছরের মধ্যে কয়েকটি প্রকল্পের টাকা পাওয়া যাবে। এছাড়া জাপানের দাতা সংস্থা জাইকা আমাদের সঙ্গে কিছু প্রকল্প নিয়ে কাজ করতে পারে। জাইকা সাধারণত সল্টওয়েজ ম্যানেজমেন্ট, ওয়াটার ও স্যানিটেশন নিয়ে কাজ করে। জাইকার কাছে ওয়াটার, স্যানিটেশনের পাশাপাশি সেতুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

আইভী জানান, সিটি করপোরেশনের রুটিনমাফিক গত অর্থ বছরে ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নতুন হওয়ায় সে অর্থ খুবই অপ্রতুল।

অর্থ বরাদ্দের পাশাপাশি এনসিসি’র জনবলও কম বলে জানান আইভী। তিনি বলেন, বিলুপ্ত পৌরসভায় যেসব জনবল ছিল তা দিয়েই সিটি করপোরেশনের কাজ চালাতে হচ্ছে। এর মধ্যেও চলে উন্নত সেবা প্রদানের চেষ্টা। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে নাগরিকদের বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। নগরবাসীর করের অর্থ ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শীতলক্ষ্যার ওপর সেতু করতে প্রকল্প প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। বিলুপ্ত পৌরসভার নির্বাচনের আমার দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির সবগুলো অঙ্গীকারই পূরণ করেছি। সরকার ও জনগণের সহযোগিতা পেলে আশা করছি নির্বাচনে দেওয়া সব প্রতিশ্রুতিই পূরণ করতে পারব। এজন্য জনগণকে ধৈর্য ধরতে হবে। জনগণকে আমি বলেছি আস্থা রাখতে। আস্থা রেখে সহযোগিতা করলে অবশ্যই উন্নয়ন হবে।

কাউন্সিলরদের বক্তব্য
নাসিক নির্বাচনে ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৬ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। আর মোট ২৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে ছিলেন ৫৬ জন।

৩নং ওর্য়াড কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, আমার এলাকার জনগণ আমাকে যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছিলো আমি তার কিছুই পূরণ করতে পারিনি।

৪নং ওর্য়াড কাউন্সিলর নূর হোসেন গত এক বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড সন্তোষজনক বলে মন্তব্য করে বলেন, আগামীতে আরও উন্নয়ন করা হবে।

৯নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান বলেন, নতুন হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যা কাজ হয়েছে তা ভালই বলা চলে। এক বছরে আমার ওর্য়াডে দেড় কোটি টাকার কাজ হয়েছে। কোনো কিছুকে মডেল হিসেবে গড়ে তুলতে হলে সময়ের প্রয়োজন। তাই নারায়ণগঞ্জকে মডেল হিসেবে গড়ে তুলতে হলে সিটি করপোরেশনকে সময় দিতে হবে।

১০নং ওর্য়াড কাউন্সিলর হাবিব তৌহিদ আহম্মেদ বলেন, নতুন সিটি করপোরেশন হিসেবে নাসিকের কর্মকাণ্ড নিয়ে আমি সন্তুষ্ট। তবে নাসিকের লোকবল কম রয়েছে তাই নগরবাসীকে যথা সময়ে সেবা দিতে বিলম্ব হয়ে যায়।

১২নং ওর্য়াড কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল পৌরসভা আমাদের সাথে সংযুক্ত হওয়ায় গত এক বছরে শহরে আশানুরূপ উন্নয়ন হয়নি। তবে গত এক বছরে আমরা সব গুছিয়ে নিয়েছি সামনের দিনগুলোতে শহরের ব্যাপক উন্নয়ন হবে।

১৩নং ওর্য়াড কাউন্সিলর মাকসুদ আলম খন্দকার খোরশেদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জকে নামে মাত্র সিটি করপোরেশন করা হয়েছে। আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। সরকারের উচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য বরাদ্দ আরও বৃদ্ধি করা।

১৫নং ওর্য়াড কাউন্সিলর অসিত বরুণ বিশ্বাস বলেন, গত এক বছরে যে কাজ হয়েছে তাতে পুরোপুরিভাবে জনগণের প্রত্যাশা পূরণ না হলেও সন্তোষজনক। নারায়ণগঞ্জ পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়েছে। এখন পর্যন্ত সরকারি ভাবে নাসিকের কাঠামো বিল পাস হয়ে আসেনি বিধায় জনবল সংকটের কারণে জনগণের প্রত্যাশার সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। আশা করছি আগামী দিনগুলোতে জনগণের প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হবো।

১৬নং ওর্য়াড কাউন্সিলর ও  প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ বলেন, আমার ওর্য়াডে পৌরসভা থাকাকালে যে কাজ করা হয়েছে নতুন করে এখন আর তেমন কাজ করার কিছু নেই।

১৮নং ওর্য়াড কাউন্সিলর কামরুল হাসান মুন্না বলেন, প্রতিকূল পরিবেশ ও অর্থ সংকট থাকার পরও সাধ্যমত নগরবাসীদের সেবা দিতে চেষ্টা করেছি। শহরের না হলেও ইতিমধ্যে সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ব্যাপক উন্নয়ন কাজে হাত দেয়া হয়েছে যা চোখে পড়ার মতো।

১৯নং ওর্য়াড কাউন্সিলর ফয়সাল সাগর বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর কদমরসুল পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি। তাই দীর্ঘদিন পর কদমরসুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় জনণের প্রত্যাশা অনেক। গত এক বছরে আমরা আমাদের সাধ্যমত কাজ করেছি। আগামী ২ বছরে জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো বলে আশা করছি।

২১নং ওর্য়াড কাউন্সিলর হান্নান সরকার বলেন, মাত্র এক বছরে কাজের মূল্যায়ণ করা সম্ভব নয়। তবে এক বছরে ২১ নং ওর্য়াড তথা বন্দরে যে উন্নয়ন হয়েছে তাতে আমি সন্তোষ প্রকাশ করছি।

২৬নং ওর্য়াড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু বলেন, মেয়রের কাজে স্বচ্ছতা পেয়েছি। আমার ওর্য়াডটি ছোট তাই এখানে বরাদ্দও এসেছে অনেক কম। আশা করছি আগামী এক বছরের মধ্যে আমার এলাকার রাস্তাঘাট ও ড্রেনের কাজ শেষ করা সম্ভব হবে। এ বছর আমার ওর্য়াডে ৩০ লাখ টাকার কাজ করা হয়েছে।

১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নী বলেন, চেষ্টা করেছি জনগণের জন্য কাজ করে যেতে। কতটুকু পূরণ করতে পেরেছি তা জনগণ বলবে। তবে স্বল্প জনবলের কারণে প্রত্যাশা মোতাবেক কাজ করতে পারেনি।

পরাজিত প্রার্থীদের দৃষ্টিতে আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরুর মাত্র ৭ঘণ্টা আগে দলীয় সিদ্ধান্তে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নির্বাচন থেকে বসিয়ে দেওয়া হয়। সিটি করপোরেশনের নির্বাচনের ১বছর অতিবাহিত হওয়ার প্রতিক্রিয়ায় তৈমুর আলম খন্দকার বলেন, আমিই ছিলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের প্রথম প্রস্তাবক। কিন্তু নাটকীয়ভাবে আমাকে নেত্রীর নির্দেশে বসে যেতে হয়েছিল। নির্বাচনে অংশ নিলে আমিই জয়ী হতাম এটা নিশ্চিত। কিন্তু নেত্রীর নিদের্শে আমি নিজেকে কোরবানি দিয়েছি।

তৈমুর বলেন, যে আশা ও প্রত্যাশা নিয়ে সিটি করপোরেশন গঠন করা হয়েছে সেটার বাস্তবায়ন হয়নি। নগরবাসী হতাশ।

এ ব্যাপারে পরাজিত প্রার্থী সাবেক এমপি শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি হাসপাতালে রয়েছেন। এ ব্যাপারে পরে কথা বলবেন।

বাজেট ও উন্নয়ন কর্মকাণ্ড
গত ২৫ জুন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রথমবারের মত বাজেট ঘোষণা করে। ২০১২-১৩ অর্থ বছরের জন্য ঘোষিত ৩১৫ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৩০৭ টাকার বাজেটে উন্নয়ন খাতেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন খাতে ৫০ কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ৩১৫ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৩০৭ টাকা আয় ও এসব খাতে ৩০৯ কোটি ১৬ লাখ ২৯ হাজার ২১৩ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে উদ্ধৃত্ত ধরা হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৯৪ টাকা।

আইভী তার বাজেট বক্তৃতায় নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে ৩২টি ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। এসব প্রকল্পের মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে— মহিম গাঙ্গুলী রোডে ৯ তলা বিশিষ্ট সিটি পদ্মা প্লাজা কাম অ্যাপার্টমেন্ট নির্মাণ, চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ নির্মাণ ও ২০ তলা বিশিষ্ট বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণ, মাসদাইর কবরস্থান নির্মাণ, ৭০০ বছরের ঐতিহ্যবাহী কদমরসুল দরগার সংস্কার, বঙ্গবন্ধু রোডের আলী আহাম্মদ চুনকা পাঠাগার সংলগ্ন সিটি করপোরেশনের ভূমিতে প্রস্তাবিত ১২তলা দোয়েল প্লাজা কাম বাণিজ্যিক ভবন ও অ্যাপার্টমেন্ট নির্মাণ, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ১২তলা বিশিষ্ট বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণ, বাপ্পী স্মৃতি সংসদ সংলগ্ন ক্লাস্টার সেন্টার ও মার্কেট নির্মাণ, কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্টাফ কোয়ার্টার নির্মাণ, শীতলক্ষ্যা নদীর সীমানা বরাবর ওয়াকওয়ে নির্মাণ ও সবুজায়ন, নিতাইগঞ্জ হতে হাটখোলা রোড নির্মাণ, সিটি করপোরেশনের সকল পুকুল ও খাল পুনঃখনন এবং ল্যান্ডস্কেপিং করণসহ সৌন্দর্য বর্ধন, সিটি করপোরেশনের সকল শাখার ফিস ও আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করা, সিদ্ধিরগঞ্জে আঞ্চলিক ভবন নির্মাণ, শীতলক্ষ্যা সেতুর উপর সেতু নির্মাণ।

চলমান রয়েছে— মাসদাইর কবরস্থান মসজিদ নির্মাণ, বঙ্গবন্ধু রোডের আলী আহাম্মদ চুনকা পাঠাগার সংলগ্ন সিটি করপোরেশনের ভূমিতে প্রস্তাবিত ১২তলা দোয়েল প্লাজা কাম বাণিজ্যিক ভবন ও অ্যাপার্টমেন্ট নির্মাণ, কদমরসুল আঞ্চলিক ভবন ঊর্দ্ধমুখী সম্প্রসারণ, পঞ্চবটিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কম্পোস্ট ফার্টিলাইজার প্লান্ট নির্মাণ, মদনগঞ্জ বাসস্ট্যান্ড হতে নবীগঞ্জ পর্যন্ত ১০০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ, শীতলক্ষ্যা উপর সেতু নির্মাণ।

আলোচিত নির্বাচন
সীমানাসংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৮ বছর পর ২০০৩ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আইভী বিপুল ভোটে বিএনপি সমর্থিত প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন। ২০০৩ সালের নির্বাচনে জয়ের পর ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দরের কদমরসুল পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠন করা হয়। প্রশাসক নিয়োগের পর ওই বছরের ২৭ জুন আইভী পদত্যাগ করেন।

দলীয় সমর্থন নিয়ে নাটকীয়তা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ প্রক্রিয়া থেকেই বিরাজ করে নানা নাটকীয়তা। প্রশাসক নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দু’জন সমর্থক হাইকোর্টে রিট দায়ের করায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকরা সড়ক ও রেলপথ অবরোধ করার পাশাপাশি এমপি সারাহ বেগম কবরী ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কুশপুত্তলিকা দাহ করে। নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াৎ আইভীর মধ্যে চলে নিরব লড়াই। দলীয় মনোনয়ন দেয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২জনকে নিয়ে গণভবনে একাধিকবার বৈঠক করেন। শেষতক শামীম ওসমানকেই দেওয়া হয় দলের সমর্থন। পরে আইভীর পক্ষে কাজ করার জন্য জেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাবেক এমপি এস আকরামকে আহবায়ক করে ১০১ সদস্যের ‘সম্মিলিত নাগরিক পরিষদ’ গঠন করা হয়। নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়েও হয়েছে অনেক নাটকীয়তা। ২৮ অক্টোবর থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের ঘোষণা থাকলেও সেনা মোতায়েন হয়নি।

এদিকে, বিগত নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থীতা নিয়ে শেষ সময়ে হয়েছে নানা নাটকীয়তা। দীর্ঘদিন প্রচার প্রচারনা চালালেও বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নির্বাচনের ৭ঘণ্টা পূর্বে বসিয়ে দেন দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওইসময় তৈমুর আলম খন্দকার বলেছিলেন, তাকে কোরবানি দিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

নির্বাচনের ফলাফল
নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মোট কেন্দ্র ছিল ১৬৩টি। মোট ভোটার ছিল ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন। এর মধ্যে ভোট পড়ে ২ লাখ ৮২ হাজার ৫৯৩টি। প্রদত্ত ভোটের হিসেবে শতকরা ৬৯ দশমিক ৯২ ভাগ ভোট পড়েছিল। ৬ হাজার ২৬৪টি ভোট বাতিল হয়েছে। বৈধ ভোটের সংখ্যা হলো ২ লাখ ৭৬ হাজার ৩২৯।

নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মধ্যে আতিকুল ইসলাম জীবন (তালা) ১ হাজার ৮৫৫ ভোট, তৈমুর আলম খন্দকার (আনারস) ৭ হাজার ৬১৬, আতিকুর রহমান নাননু মুন্সী (গরুর গাড়ি) ৬ হাজার ৬১২, শরীফ মোহাম্মদ (হাঁস) ১ হাজার ৪৮৩, শামীম ওসমান (দেওয়াল ঘড়ি) ৭৮ হাজার ৭০৫, সেলিনা হায়াত আইভী (দোয়াত কলম) ১ লাখ ৮০ হাজার ৪৮ ভোট পান। ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৬ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলন। আর ২৭ ওয়ার্ডে কাউন্সিলার পদে ছিলেন ৫৬ জন।

বাংলাদেশ সময় : ১৬৫৯ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১২
তানভীর হোসেন/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান