রিয়াদ: গত তিনদিন ধরে রিয়াদে চলমান দু’দল বাংলাদেশির অব্যাহত সংঘর্ষ নিরসন এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদুত শহীদুল ইসলাম সৌদি প্রশাসনকে অনুরোধ করেছেন।
রাষ্ট্রদূত শনিবার বিকেলে রিয়াদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারা এবং বাথা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ঐ এলাকায় নিয়োজিত সৌদি পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতকালে এ অনুরোধ করেন।
এসময় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রদুতের সঙ্গে ছিলেন।
রাষ্ট্রদূত শহিদুল ইসলাম জড়িতদের গ্রেফতার করে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে অনুরোধ করে “এতে করে যাতে কোনো নিরীহ লোক হয়রানীর শিকার না হয় সেদিকেও লক্ষ রাখার” বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন।
এসময় রাষ্ট্রদূত বলেন, “গুটি কয়েক দুষ্ট লোকের অপকর্মের দায়ভার বাংলাদেশ নিতে পারে না।”
তিনি আরো বলেন, “এদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এই দুষ্ট লোকদের অপকর্ম ঠেকাতে পুলিশের পাশাপাশি দূতাবাসও আন্তরিকভাবে কাজ করছে।”
এ ধরনের অনাকাংখিত ঘটনা এড়াতে এবং দুষ্ট লোকদের আইনের আওতায় আনতে সৌদি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব বাংলাদেশের প্রতিটি নাগরিকের। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের কাজে লিপ্ত দুষ্টলোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
সন্ত্রাসী কাজে নিয়োজিত প্রবাসী বাংলাদেশিদের ব্যপারে দূতাবাসকে তথ্য দিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ করেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি পুলিশ বাংলাদেশি কমিউনিটির কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, রিয়াদে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আধিপত্যের সংঘর্ষে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় উত্তেনা বিরাজ করছে। এ ঘটনায় ২ থেকে ৩ বাংলাদেশি নিহত হয়েছে বলেও অসমর্থিত সূত্রে জানা গেছে। তবে বাংলাদেশ দূতাবাস বিষয়টিকে গুজব বলে অবিহিত করেছে।
বাংলাদেশ সময় : ১৩৪৬ ঘণ্টা, ০৮ জুলাই, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর