 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
যশোর: হরতালে যশোরের মণিরামপুরে গাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছে শিবির। যশোর-সাতক্ষীরা মহাসড়ক দখল করে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টার সময় জামায়াত-শিবির কর্মীদের হটিয়ে দিয়েছে পুলিশ।
এ সময় পুলিশ ৫ রাউন্ড শটগানের ফাঁকা গুলি বর্ষণ করে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুলিবর্ষণের পর শিবির কর্মীরা পালিয়ে যান। জামায়াতের সোমবারের হরতাল চলাকালে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হরতালে যশোরের অন্যান্য এলাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে শিবিরের বেশ কিছু কর্মী যশোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাঙ্গায় অবস্থান নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করেন।
এক পর্যায়ে তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়লে শিবির ক্যাডাররা পালিয়ে যান। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে, হরতালে যশোর সদরসহ আশপাশের এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছে।শহরে রিকসা, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। বড় বাজারসহ শহরের কিছু কিছু দোকানপাটও খোলা রয়েছে।
সকালে শহরের রেলগেট ও মনিহার এলাকায় শিবির কর্মীরা অবস্থান নিয়ে পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা শহরে হরতালবিরোধী মিছিল বের করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডেইজি খাতুন বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, পিকেটিং বা সহিসংতার খবর পওয়া যায়নি। শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল রয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর