 |
ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের লক্ষ্যে ছাত্রদল নেতাদের নিয়ে ফের বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ১৯ জুলই থেকে শুরু করে ছাত্রদল নেতাদের সঙ্গে এটি তার তৃতীয় দফা বৈঠক।
গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে রোববার রাত সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়েছে। এটি গতকাল শনিবারের মুলতবি বৈঠক। এতে আগের দু’দফা বৈঠকের মতোই ছাত্রদল নেতাদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
বিএনপি সূত্র জানায়, ঈদের আগেই কমিটি ঘোষণা দিয়ে ঈদের পরে চলমান আন্দোলন জোরদার করতে চান খালেদা জিয়া। সে লক্ষ্যেই এগুচ্ছেন তিনি।
বৈঠকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি উপস্থিত আছেন।
উল্লেখ্য, নতুন কমিটি বিষয়ে গত ১৯ জুলাই ছাত্রদলের বিভিন্ন স্তরের ১৭৫ জন নেতাকে নিয়ে একই কার্যালয়ে বৈঠক করেন খালেদা জিয়া। তাদের মধ্যে ২৭ জন তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। এরপর বৈঠক মুলতবি করা হয়। শনিবার দ্বিতীয় দফা বৈঠকে আরও ৩১ জনের মতামত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এমএম/ জেডএম