ঢাকা: ঈদের পরে ১৮ দলীয় জোটের আন্দোলন সফল করতে প্রয়োজনে গৃহবন্দিত্ব ভাঙার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী।
বুধবার রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের প্রধান কার্যালয়ে রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া সভাপতির বক্তব্যে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
আমিনী বলেন, “ঈদের পরে ১৮ দলীয় জোটের আন্দোলন সফল করতে প্রয়োজনে গৃহবন্দিত্ব ভাঙবো।”
এ সময় ঈদের পর ১৮ দলীয় জোটের সব আয়োজনে অংশ নেওয়ারও ঘোষণা দেন তিনি।
আমিনী বলেন, “শেখ হাসিনার কাছে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়। এ সরকারের পতন না ঘটালে দেশে শান্তি আসবে না।”
ঈদের পর সরকার পতনের আন্দোলন কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তুজাসহ ১৮ দলীয় জোটের নেতারা।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
এমএম/এনএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com