 |
ঢাকা: সম্প্রতি প্রকাশিত এক গবেষনায় দেখা গেছে যারা কর্মক্ষেত্রে পালাবদল করে দায়িত্বপালন ( শিফটিং ডিউটি) করেন তাদের ক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হওয়া এবং উচ্চ রক্তচাপ জনিত স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি।
যারা দিনের বেলা নির্দিষ্ট অফিস রুটিন মেনে দায়িত্ব পালন করেন তাদের থেকে পালাবদলের রুটিনে দায়িত্ব পালনকারীদের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক বেশি বলে গবেষণায় দেখানো হয়েছে।
প্রায় ২০ লাখ মানুষের উপর করা এ সংক্রান্ত গবেষনার ফলাফল সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়। কানাডা এবং নরওয়ের গবেষকরা প্রায় ৩৪টি গবেষণালব্ধ ফলাফলের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি প্রকাশ করে।
জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পালাবদল রুটিনের কাজে দায়িত্বপালন কর্মীদের শরীরের জীবনের ধরা বাধা প্রাত্যহিক নিয়মের সাবলীলতা ব্যাহত করে এবং এর ফলে তাদের জীবনযাত্রায় বিরুপ প্রভাব পড়ে।
উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সঙ্গে রাত্রি জাগরণের সম্পর্ক আছে বলে এর আগে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে যারা সীমিত পরিসরে রাতে কাজ করেন তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গবেষকরা ১৭ হাজার ৩শ’ ৫৯ জন রোগীর উপর গবেষণা চালিয়ে দেখেন দেখেন যে তাদের মধ্যে ৬ হাজার ৫শ’ ৮ জনের হৃদরোগের সমস্যা রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৮শ’ ৫৪ জনের মস্তিষ্ক স্ট্রোক আক্রান্ত হন। মস্তিষ্কে স্বল্প পরিমান রক্ত পরিবহণ হওয়ার কারণে আক্রান্তরা এ ধরণের শারীরিক সমস্যার মুখোমুখি হন বলে গবেষণা প্রতিবেদনে উঠে আসে।
আর এক্ষেত্রে পরিবর্তনশীল রুটিন অনুযায়ী যারা কাজ করেন তাদের মধ্যে এ ঝুঁকি বেশি বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষনায় দেখা গেছে পরিবর্তনশীল রুটিনে কাজ করার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ২৩ ভাগ, করোনারি সমস্যা বেড়ে যায় ২৪ ভাগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৫ ভাগ।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর