 |
| ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
জাপা চেয়ারম্যানের কার্যালয় (বনানী) থেকে: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে না হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি (জাপা)।
সোমবার দুপুরে বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে নির্বাচেন অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
জাপা চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, এমএ সাত্তার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ হান্নান, ফজল্লে রাব্বী চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাছান, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
এর আগে রোববার অনুষ্ঠিত প্রেসিডিয়াম বৈঠকে কাপাসিয়ার উপ-নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জাপা। তাছাড়া দলটির চেয়ারম্যানও বেশ আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠানে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছেন। সে অনুযায়ী দলটির তৃণমূল নেতা-কর্মীরাও কাপাসিয়ার উপ-নির্বাচনে এককভাবে লড়ার পস্তুতি নিচ্ছিলো।
কিন্তু হাই কমান্ডের এই হঠাৎ ব্যাকগিয়ারে সন্তুষ্ট হতে পারেননি তারা।
তাই পার্লামেন্টারি বোর্ডের মিটিং শেষ হলেও চেয়ারম্যানের কার্যালয়ের সামনেই অবস্থান করতে থাকেন মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকরা।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই মোস্তাফিজুর রহমান মোস্তফা এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, “কাকে মনোনয়ন দেওয়া হবে বা আদৌ আমাদের দল এ উপনির্বাচনে অংশ নেবে কি না তা রাতে জানানো হবে বলা হয়েছে। কিন্তু আদালাভাবে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে গেলে জাপার জন্য তা আত্মঘাতী হবে।”
নির্বাচন থেকে দল সরে গেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না জানতে চাইলে এই জাপা নেতা বলেন, “নেতা-কর্মীদের চাপ আছে। শেষ পর্যন্ত কি হয় তা বলা যায় না।”
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
সম্পাদনা: তাহজীব হাসান, স্টাফ করেসপন্ডেন্ট/ জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com