ঢাকা: ২০১২-২০১৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বাংলাদেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান।
শনিবার বিকেলে সিএসই’র কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সিএসই আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন ও সিএসই’র সাবেক প্রেসিডেন্ট ফখরুদ্দিন প্রমুখ।
সিএসই’র প্রেসিডেন্ট তার লিখিত বক্তব্যে বলেন, ‘মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠার জন্য যে ৬ষ্ঠ পঞ্চ বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে, তারই ধারাবিহিকতার এবারের বাজেট পেশ করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি, অর্থনৈতিক সমস্যা চিহ্নিতকরণ, সরকারি-বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগক বৃদ্ধি, প্রবৃদ্ধি বৃদ্ধি, ভর্তুকি হ্রাস, বৈদেশিক ঋণের আহরণ ও অবমুক্তকরণ বৃদ্ধি, বৃহৎ সুনির্দিষ্ট প্রকল্পের জন্য সভরিন বন্ড ইস্যুর সিদ্ধান্ত এই বাজেট পরিকল্পনার উল্লেখযোগ্য দিক।’
তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারে আর্থিক প্রণোদনার পাশাপাশি বেশ কিছু সংস্কার এই বাজেটে পুনঃব্যক্ত হয়েছে, যেমন- ডিমিউচ্যুয়ালাইজেশন, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা, ফিন্যান্সিয়াল রিপোটিং অ্যাক্ট প্রণয়ন, সার্ভেইল্যান্সের সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ আদালত গঠন। আমরা আশা করি এই সকল সংস্কার কর্মসূচি এই অর্থ বছরের প্রথম অংশে সম্পন্ন হবে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সর্বোতভাবে এগুলোর সফল বাস্তবায়নে সহায়তা করবে।’
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর